আওয়ামী লীগের উপকমিটির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক আজ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধানী অগ্রগামী দল গতকাল রবিবার ঢাকায় তার মিশন শুরু করছে। প্রথম দিন দলটি ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি বেশ কয়েকটি দেশের কূটনীতিক এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে আলাদা একাধিক বৈঠক করেছে।

ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসায় এবং ইইউ দূতাবাসে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এসব বৈঠক নিয়ে কূটনীতিকরা কোনো মন্তব্য করেননি।

প্রতিনিধিদলটি আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশন এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, ইইউর অনুসন্ধানী অগ্রগামী দলের গতকালের বৈঠকগুলোতে ঢাকায় ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, নরওয়ে, সুইডেন, ডেনমার্কসহ ইইউ মিশনে কর্মরত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীও বৈঠকে অংশ নেন।

প্রতিনিধিদলের নেতা হিসেবে আছেন ইইউ ব্রাসেলস মেট্রোপলিটন এরিয়ার ইইউ কাউন্সিলের ডেস্ক অফিসার শেলেরি রিকার্ডো।

নির্বাচন কমিশনের আমন্ত্রণে দলটি এই সফর করছে। অনুসন্ধানী মিশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচনের আগে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইইউর অনুসন্ধানী অগ্রগামী দল আগামী ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফর করবে। এই মিশনের কাজ হবে মূল নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিকস, নিরাপত্তা ইত্যাদি বিষয় মূল্যায়ন করা।

অনুসন্ধানী মিশন বাংলাদেশে অবস্থানকালে সরকারের প্রতিনিধি, নির্বাচনসংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে আগ্রহী বলে ঢাকায় ইইউ ডেলিগেশন বাংলাদেশ সরকারকে জানিয়েছে।

LEAVE A REPLY