সর্বশেষ দুর্নীতি মামলায় খালাস পেলেন নওয়াজ শরিফ

নওয়াজ শরিফ। ছবি : আনাদোলু

পাকিস্তানের একটি আদালত নওয়াজ শরিফকে আরো একটি দুর্নীতির মামলায় খালাস দিয়েছেন। এর আগে ইসলামাবাদ হাইকোর্ট ২৯ নভেম্বরের শেষের দিকে লন্ডনে চারটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনা সংক্রান্ত আরেকটি দুর্নীতির মামলায় শরিফকে খালাস দিয়েছেন। গতকাল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট তাঁকে আল-আজিজিয়া দুর্নীতি মামলা থেকে খালাস দিয়েছেন। ফলে আদালতের রেকর্ড অনুসারে পাকিস্তানের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বাধা অনেকটাই কেটে গেল তাঁর।

প্রধান বিচারপতি আমের ফারুকের নেতৃত্বে ইসলামাবাদ হাইকোর্টের একটি দুই বিচারপতির বেঞ্চ আল-আজিজিয়া মামলায় নওয়াজ শরিফের আপিল মঞ্জুর করেছেন। এটি তাঁর বিরুদ্ধে হওয়া সর্বশেষ দুর্নীতির মামলা। এই মামলাটি ২০১৬ সালে পানামা পেপারস হুইসেল-ব্লোয়ার কেলেঙ্কারি থেকে উদ্ভূত তিনটির মধ্যে একটি মামলা।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ২০১৮ সালের ২৪ ডিসেম্বর আজিজিয়া স্টিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন।

আদালত তাঁকে এ মামলায় সাত বছরের কারাদণ্ড দেয়। আল-আজিজিয়া স্টিল মিলস এবং সৌদি আরবে হিল মেটাল এস্টাবলিশমেন্টে বিনিয়োগ করা অর্থের উৎস সম্পর্কে যথাযথ জবাব দিতে না পারায় অভিযুক্ত হয়েছিলেন।

আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে নিজের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) দল থেকে প্রধানমন্ত্রী হওয়ার আশা করছেন। তবে তার বিরুদ্ধে যাবজ্জীবনের জন্য সরকারি পদে অযোগ্য ঘোষণা করা হয়েছে আগের মামলায়।

তা তিনি সরিয়ে ফেলতে পারলে হয়তো আর কোনো বাধা থাকবে না। তাই সর্বশেষ দুর্নীতি মামলায় খালাসের পরও নওয়াজ শরিফকে সুপ্রিম কোর্টের একটি নতুন আদেশের জন্য অপেক্ষা করতে হবে।

নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে ছিলেন। এরপর কারাগার থেকে বেরিয়ে চার বছর বিদেশে স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন। সম্প্রতি লন্ডন থেকে পাকিস্তানে ফিরে দেড় মাসের মাথায় তিনটি মামলা থেকেই অব্যাহতি পেয়েছেন।

সূত্র : আনাদোলু

LEAVE A REPLY