এভাবেই বারবার দুই দলের ঝগড়া থামাতে হয়েছে আম্পায়ারকে। ছবি : টুইটার অ-অঅ+
দক্ষিণ আফ্রিকা-ভারতের দ্বিতীয় টেস্টের শুরু থেকেই দুই দলের ক্রিকেটারদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়েছে। দ্বিতীয় দিন ভ্যান ডার ডুসেনকে বিতর্কিত আউট দেওয়াকে কেন্দ্র করে তৃতীয় দিনের খেলায় ভারত এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে বার বার উত্তপ্ত বাক্যবিনিময় হতে দেখা যায়। এর মাঝেই আম্পায়ার মারাইস ইরাসমাস বলেন, প্রতি ওভারের শেষেই তার হার্ট অ্যাটাক হচ্ছে!
ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময়। দশম ওভারে এইডেন মার্করামকে ফিরিয়ে দেন শার্দূল ঠাকুর। শেষ বলে সেই উইকেট নেওয়ার আগে বার বার আউটের আবেদন করছিলেন তিনি। গোটা ভারতীয় দল উইকেট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। সেই সময় স্টাম্প মাইকে ধরা পড়ে ইরাসমাসের গলা। তিনি বলেন, ‘তোমরা আমাকে প্রতি ওভারে হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছ।’
তৃতীয় দিনের খেলায় প্রথম ঝামেলা হয় ভারতের ঋষভ পন্থ এবং দক্ষিণ আফ্রিকার ডুসেনের মধ্যে। পন্থ ব্যাট করতে নামতেই ডুসেন তাকে কিছু বলেন। সেটা শোনা না গেলেও মনে করা হচ্ছে ডুসেনের ক্যাচ পন্থ নেওয়ার সময় বল আগে মাটি ছুঁয়েছিল। সেটা নিয়েই তিনি কিছু বলেছিলেন। উত্তরে পন্থ বলেন, ‘যদি তোমার এ ব্যাপারে অর্ধেকও জ্ঞান থাকে, তা হলে নিজের মুখ বন্ধ রাখো।’
এছাড়া ভারতের পেস তারকা জসপ্রিত বুমরাহ ব্যাট করার সময় দক্ষিণ আফ্রিকার পেসার জানসেনের সঙ্গে তার ঝামেলা হয়। বারবার বাদানুবাদ চলতেই থাকে। সারা দিন ধরে বিভিন্ন সময় ইরাসমাসকে দেখা গিয়েছে খেলোয়াড়দের সামলাতে। আজ ম্যাচের চতুর্থ দিন। তবে বৃষ্টির কারণে এখনো খেলা শুরুই করা যায়নি। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে আরও ১২২ রান করতে হবে ৮ উইকেট হাতে নিয়ে।








































