চাঁদাবাজির মামলায় তালিকাভুক্ত আসামি কারাগারে।
অবৈধভাবে ফ্ল্যাট দখল, চাঁদাবাজি, মারধর ও হুমকি প্রদানের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার তালিকাভুক্ত সন্ত্রাসী জাভেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা বলছেন, তার নামে চাঁদাবাজি ও জায়গা দখলের একাধিক অভিযোগ আছে। গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার (৯ আগস্ট) কলাবাগানের নর্থ সার্কুলার এলাকা থেকে জাভেদকে গ্রেপ্তার করা হয়।
কলাবাগান থানার এসআই সুমিত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, তালিকাভুক্ত স্থানীয় এই সন্ত্রাসীর নামে আগে থেকেই বেশ কয়েকটি অভিযোগ ছিল। সর্বশেষ আবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি তার জায়গা ও ফ্ল্যাট দখলের অভিযোগ নিয়ে থানায় মামলা করেন। তার মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে জাভেদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাভেদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ তিনি স্বীকার করেছেন। পরে আদালতের মাধ্যমেই তাকে কারাগারে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এলাকায় দলবল নিয়ে চাঁদার জন্য হাজির হতেন জাভেদ। চাঁদা দিতে অসম্মতি জানালেই শুরু হতো নানারকম হয়রানি। জাভেদকে গ্রেপ্তারের পর ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ফিরেছে।










































