ধোনির আরো ১০ বছর খেলা চালিয়ে যাওয়া উচিত : যোগরাজ

মহেন্দ্র সিং ধোনি। ছবি : সংগৃহীত

আইপিএলে মাহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই ভিন্ন সুরে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের সাবেক ক্রিকেটার যোগরাজ সিং। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ধোনির এখনই অবসর নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বরং আরো ১০ বছর খেলা চালিয়ে যাওয়া উচিত তার।

এক সাক্ষাৎকারে যোগরাজ বলেন, ‘ধোনি এখনো খেলছে এবং আরো ১০ বছর খেলা উচিত। তার ফিটনেস, শৃঙ্খলা এবং নিবেদন অসাধারণ।

কে তারা, যারা তাকে অবসর নিতে বলছে? ক্রিকেটের জন্য তাকে স্যালুট।’

উল্লেখ্য, যুবরাজ সিং–এর বাবা যোগরাজ অতীতে ধোনির কড়া সমালোচক ছিলেন। এমনকি তিনি ধোনিকে দায়ী করেছিলেন তার ছেলের ক্যারিয়ার দ্রুত শেষ হয়ে যাওয়ার জন্য। তবে সময়ের সাথে তার অবস্থান বদলেছে বলেই মনে হচ্ছে।

৪৪ বছর বয়সী ধোনি বর্তমানে আইপিএলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। তবে সাম্প্রতিক মৌসুমগুলোতে তার পারফরম্যান্স আগের মতো নেই। হাঁটুর চোটের কারণে তিনি সাধারণত ব্যাটিংয়ে নামেন ৭ বা ৮ নম্বরে এবং খুব অল্প সময়ের জন্য ব্যাট করেন।

এতে করে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

অনেকেই মনে করেন, দীর্ঘ সময় ব্যাট করতে না পারায় দলের উপর তার প্রভাব কমে যাচ্ছে।

বর্তমান অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় ধোনির ব্যাটিং পজিশন নিয়ে স্পষ্ট কিছু না বললেও ধারণা করা হচ্ছে, আগের মতোই ইনিংসের শেষ দিকে নামবেন তিনি।

তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে, চেন্নাই সুপার কিংস–এর একাদশে ধোনির জায়গা ধরে রাখা তরুণ ক্রিকেটারদের সুযোগ কমিয়ে দিচ্ছে।

ধোনির ক্যারিয়ার যে শেষ পর্যায়ে, তা প্রায় নিশ্চিত। তবে তিনি আরো একটি বা দুটি মৌসুম খেলতে পারেন বলেই ধারণা করা হচ্ছে।

আইপিএল ২০২৬-ই কি ধোনির শেষ আসর হবে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে, তবে আপাতত অবসর বিতর্কে নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছেন যোগরাজ সিং।

LEAVE A REPLY