অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে শ্রীলঙ্কার সরকারকে ২.৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এসংক্রান্ত একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে উভয় পক্ষ।
গত কয়েক দশকের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার স্থায়ী উপায় খুঁজছে শ্রীলঙ্কা। কলম্বোয় আইএমএফের জ্যেষ্ঠ কর্মকর্তা পিটার ব্রুয়ার সাংবাদিকদের বলেছেন, চুক্তিটি শ্রীলঙ্কার জন্য সংকট থেকে বেরিয়ে আসার একটি দীর্ঘ পথের শুরু মাত্র।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছে।
সামনের চার বছরে এই অর্থ দেওয়া হবে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কা সরকারের রাজস্ব বৃদ্ধি, আর্থিক একত্রীকরণকে উৎসাহিত করা, জ্বালানি ও বিদ্যুতের জন্য নতুন মূল্য নির্ধারণ, সামাজিক ব্যয় বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জোরদার করা এবং ধসে যাওয়া বৈদেশিক রিজার্ভ পুনর্গঠন করা হবে এর লক্ষ্য।
এ জন্য শ্রীলঙ্কার সরকারকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।
ব্রিটিশ শাসন থেকে ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর এমন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়তে হয়নি শ্রীলঙ্কাকে। জ্বালানি, প্রয়োজনীয় ওষুধ, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিসহ সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে। এই সংকটের জন্য সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারকে দায়ী করে আসছে দেশটির সাধারণ মানুষ।
সূত্র : রয়টার্স।










































