হৃতিক রোশন ও সেই ডেলিভারি বয়
প্রিয় তারকাকে সামনে দেখে লোভ সামলাতে পারে না অনেকেই। ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। তারকার নিরাপত্তাকর্মীদের কাছে ভক্তদের অপমানিত হওয়ার ঘটনাও নিয়মিতই দেখা যায়। তেমনই এক ঘটনায় এবার তোপের মুখে পড়লেন বলিউড তারকা হৃতিক রোশন।
সম্প্রতি প্রাক্তন স্ত্রী সুজান খান ও সুজানের বর্তমান প্রেমিক আরসালান গোনিকে নিয়ে ডিনারে গিয়েছিলেন হৃতিক রোশন। পাপারাৎসিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া ভিডিওতে হৃতিক, সুজানসহ অন্যদের দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, হৃতিক রোস্তোরাঁ থেকে বের হয়ে গাড়ির সামনে অপেক্ষা করছিলেন। এক ব্যক্তি হৃতিককে একটা ছবি তোলার জন্য অনুরোধ করলে তিনি বিনয়ের সঙ্গেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর এক ফুড ডেলিভারি বয় হৃতিকের সঙ্গে সেলফি নেওয়ার চেষ্টা করলে তিনি তাঁর দিকে কিছুটা ঝুঁকে যান পোজ দেওয়ার জন্য। হৃতিক পোজ দেওয়ার চেষ্টা করলেও তাঁর নিরাপত্তারক্ষী ওই অল্পবয়সী ফুড ডেলিভারি বয়কে ঠেলে সরিয়ে দেন। এরপর হৃতিক মাথা নাড়তে নাড়তে গাড়িতে উঠে পড়েন। খুব সম্ভব হৃতিক রেস্তোরাঁ থেকে বের হয়ে অন্যদের জন্য অপেক্ষা করছিলেন। হৃতিকের কিছু পরেই রেস্তোরাঁ থেকে বের হয়ে আসে সুজান খানের ভাই জায়েদ খান। আরসালান গোনির সঙ্গে বের হয়ে আসেন সুজান খান। এদিন সুজানকে একটি কালো টপ এবং খাকি প্যান্টে দেখা যায়, আরসালান পরেছিলেন একটি কালো টি-শার্ট এবং নীল ডেনিম। ভিডিও ক্লিপটিতে হৃতিক ও সুজানের ছোট ছেলে হৃদানকেও দেখা গেছে।
এদিকে হৃতিকের নিরাপত্তারক্ষীর ফুড ডেলিভারি বয়কে ধাক্কা দেওয়ার ভিডিও দেখে বেশ বিরক্ত নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে একজন লিখেছেন, ‘ওঁরা নিজেদের যে কী মনে করেন, বাচ্চাটিকে কিভাবে ধাক্কা দিলেন!’ অন্য একজন লিখেছেন, ‘আমাদেরই উচিত এদের প্রচার বন্ধ করা, আর বাচ্চা ছেলেটিরই বা কী দরকার ছিল ওর সঙ্গে সেলফি তুলতে যাওয়ার!’ কেউ বা কটাক্ষ করে লিখেছেন, ‘এরাই আবার সিনেমার প্রচারে ভুয়া হাসি নিয়ে চলে আসবেন প্রচারের জন্য, একটা সেলফি তুললে কী এমন ক্ষতি হতো!’ কেউ লিখেছেন, ‘এটা কী অসভ্যতা, মানবাধিকার ভাঙার অপরাধে এদের গ্রেপ্তার করা উচিত।’
হৃতিক-সুজান ২০০০ সালে বেঙ্গালুরুতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়েছিলেন। এরপর ২০০৬ সালে জন্ম হয়েছিল হৃতিকের প্রথম সন্তান রেহানের, ২০০৮ সালে জন্ম হয় হৃদানের। পরবর্তী সময়ে ২০১৩ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন হৃতিক ও সুজান। তবে বিয়ে ভাঙার পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজন। এই মুহূর্তে হৃতিক ও সুজান দুজনই আলাদা আলাদা সম্পর্কে রয়েছেন।











































