ভারতে আসন্ন বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে অভিনেত্রী ভোটের প্রচারণায় ব্যস্ত। এর মাঝেই তাকে নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
অভিনেত্রীর দাবি, তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে।
এবিষয়ে ভারতীয় একটি গণমাধ্যম অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, গত কয়েক দিন ধরেই নজরে পড়েছে বিষয়টা। আমার একটিই ‘ভেরিফায়েড প্রোফাইল’ রয়েছে। আর কিছু নেই। দেখছি, আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে দলীয় কর্মীদের থেকে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিনেত্রী সরাসরি বিরোধীপক্ষের দিকেই আঙুল তুলেছেন।
সায়ন্তিকা বলেন, বিজেপির আইটি সেল থেকে তাদের তথাকথিত অসভ্যতার ধারা অব্যাহত। আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। সব দলীয় কর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হচ্ছে। অসভ্য, বর্বর বিজেপি। তারা জানেন তারা হারবেন। তাই এই নোংরামি করছেন। এই জন্য সবাইকে সতর্কবার্তাও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালে বিধানসভা উপনির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তৃণমূলের সায়ন্তিকা। এই নির্বাচনেও নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি।










































