না-ফেরার দেশে অস্ট্রেলিয়ার প্রথম আদিবাসী ক্রিকেটার

ছবি : গেটি

জেসন গিলেস্পি, অ্যাশলি গার্ডনার, স্কট বোলান্ডের মতো আদিবাসী ক্রিকেটাররা টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। আইপিএল মাতাচ্ছেন আরেক আদিবাসী ড্যান ক্রিস্টিয়ান। তবে অনেক চড়াই-উতরাই পেরিয়ে তাঁদের জাতীয় দলের পথটা প্রথম দেখিয়েছিলেন ফেইথ টমাস। ১৯৫৮ সালে প্রথম আদিবাসী হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেন নারী দলের এই ফাস্ট বোলার। শুধু ক্রিকেট নয়, কোনো আদিবাসী খেলোয়াড়ের অস্ট্রেলিয়ার যেকোনো জাতীয় দলে খেলার প্রথম নজিরও গড়েন ফেইথ টমাস। ৯০ বছর বয়সী এই ক্রিকেটার শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন পরশু।

আদিবাসী ক্রিকেটে অবদান রাখায় ২০১৯ সালে মর্যাদার ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ পুরস্কার পেয়েছিলেন ফেইথ টমাস। অ্যাডিলেইড স্ট্রাইকার্স প্রতিবছর তাঁর সম্মানে পার্থ স্কর্চার্সের বিপক্ষে নারীদের বিগ ব্যাশে খেলে ‘ফেইথ টমাস ট্রফি’।

শৈশবে খেলার জন্য ব্যাট-বল কিছুই ছিল না ফেইথ টমাসের। বল না থাকায় খেলেছেন পাথর দিয়ে! ব্যাট ছিল হাতে তৈরি। তাঁর শুরুটা অ্যাডিলেইড ক্লাবের হয়ে। ক্রিকেটের পাশাপাশি খেলতেন হকিও। তবে জাতীয় দল হিসেবে বেছে নেন ক্রিকেট। তবে লম্বা সময় সমুদ্রে পাড়ি দিতে হবে বলে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফরে ডাক পেলেও ফেইথ মনোযোগ দেন নার্সিংয়ের পড়াশোনায়। পেশা হিসেবে বেছে নেন রয়াল অ্যাডিলেইড হাসপাতালে নার্সিংয়ের চাকরি। 

LEAVE A REPLY