
তামিম ইকবালের একটা দারুণ শট।
বিশ্বকাপের আগে ওপেনিংয়ের শঙ্কা বাড়িয়ে ফের ব্যর্থ হলেন লিটন কুমার দাস। রান তাড়ায় নেমে নড়বড়ে শুরুর পর আউট হয়েছেন ১৬ বলে ৬ রান করে। কাইল জেমিসনের করা ষষ্ঠ ওভারের শেষ বলে লিটনের আউটে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। উইকেটে তামিম ইকবালের সঙ্গী হন তানজিদ তামিম।
দুজনে মিলে দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন। বাংলাদেশের স্কোর ৭.৫ ওভারে ১ উইকেটে ৪২ রান।
এর আগে আজ শনিবার মিরপুর শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে ২৫৪ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। তৃতীয় ওভারে মুস্তাফিজের বলে লিটন দাসের গ্লাভসবন্দি হন উইল ইয়ং (০)।
সপ্তম ওভারে এসে অপর ওপেনার ফিন অ্যালেনকেও (১২) তুলে নেন মুস্তাফিজ। এরপর অভিষিক্ত খালেদ আহমেদ নিজের প্রথম ওভারেই ফেরান চ্যাড বয়েসকে (১৪)। ৩৬ রানে ৩ উইকেট হারানোর পর হেনরি নিকোলাস আর টম ব্লান্ডেলের ১১৫ বলে ৯৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। নিকোলাস ৪৯ বলে ৬১ আর ব্লান্ডেল করেন ৬৬ বলে ৬ চার ১ ছক্কায় ৬৮ রান করেন।
হাসান মাহমুদের বিধ্বংসী এক ইয়র্কারে ব্লান্ডেল ফিরলে ফের বিপদে পড়ে নিউজিল্যান্ড। উইকেট শিকারের উৎসবে যোগ দেন নাসুমও। ৩৯তম ওভারের প্রথম বলে এলবিডাব্লিউ করেন কোলি ম্যাককঞ্চিকে (২০)। কাইল জেমিসনকে (২০) কট অ্যান্ড বোল্ড করেন মেহেদি। ৪৬তম ওভারের চতুর্থ বলে ইশ সোধিকে ‘মানকাডিং’ করেছিলেন হাসান মাহমুদ।
কিন্তু অধিনায়ক লিটন দাস সোধিকে আবার ফিরিয়ে আনেন। পরে সেই সোধি ৩৯ বলে ৩৫ রান করে খালেদ আহমেদের শিকার হন। তাকে দিয়েই ৪৯.২ ওভারে ২৫৪ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। অভিষিক্ত খালেদ ৯.২ ওভারে ৬০ রানে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া ৪৫ রানে ৩টি নিয়েছেন শেখ মেহেদি। মুস্তাফিজ নিয়েছেন ২টি।









































