বিরাট কোহলি
আইপিএলে গতবছর প্রথমবারের আইপিএলের শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেটি ধরে রাখার মিশন দারুণভাবেই শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
গতকাল (শনিবার) ১৯তম আসরের উদ্বোধনী ম্যাচে কোহলির দল সানরাইজার্স হায়দরাবাদকে বড় ব্যবধানে হারিয়েছে। ঈশান কিষাণের নেতৃত্বাধীন হায়দরাবাদের দেওয়া ২০২ রানের বড় লক্ষ্য কোহলি-পাডিক্কালের ব্যাটে বেঙ্গালুরু জিতেছে ২৬ বল হাতে রেখে।এটি আইপিএলের ইতিহাসে দুই শ’র বেশি রান তাড়ায় সবচেয়ে দ্রুততম জয়।
রেকর্ড গড়া ম্যাচ জয়ে ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন কোহলি। তিনি ৩৮ বলে করেন ৬৯ রান। এই রানের মধ্য দিয়ে অনন্য এক নজির গড়েছেন তিনি।ভারতীয় এই তারকা প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে রান তাড়ায় ৪০০০ রানের মাইলফলক পূর্ণ করেছেন। তার ধারেকাছে নেই আর কেউ। লক্ষ্য তাড়ায় সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় কোহলির পর আছেন ডেভিড ওয়ার্নার (৩২৮৫), রোহিত শর্মা (৩২৩৮), শিখর ধাওয়ান (২৮৪৩) ও রবিন উথাপ্পা (২৮৩২)।
আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসরে গেছেন ২০২৪ সালে।আইপিএল ছাড়া অন্য লিগেও খেলেন না। গত বছরের জুন মাসে আইপিএল ফাইনালের পর তাই গতকালই প্রথমবার টি-টুয়েন্টি খেলতে নেমেছিলেন বিরাট কোহলি।
গতকাল আইপিএলে নামার আগে সর্বশেষ ১৮ জানুয়ারি ম্যাচ (ওডিআই) খেলেছিলেন কোহলি। সাবেক ভারতীয় এই অধিনায়ক আন্তর্জাতিক ক্যারিয়ারে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিছেন আগেই। এখন শুধু ওয়ানডে ফরম্যাটে খেলছেন।ফলে এখন আর নিয়মিত মাঠে দেখা যায় না তাকে।
দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে স্বভাবসুলভ ব্যাটিংয়ের রহস্য নিয়ে তিনি বললেন, ‘গত ১৫ বছরে আমরা যে পরিমাণ ক্রিকেট খেলেছি, আমার ক্ষেত্রে অপ্রস্তুত অবস্থায় মাঠে নামলে সবসময়ই পুড়ে (ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়া) যাওয়ার শঙ্কা থাকত। তাই এই বিরতি আমাকে অনেক সাহায্য করেছে। আমি সতেজ, রোমাঞ্চিত আছি। যখনই মাঠে ফিরি ১২০ শতাংশ নিয়ে আসি। অপ্রস্তুত বা কম প্রস্তুতি নিয়ে আমি ফিরি না।’
তিনি আরো বলেন, ‘অতিরিক্ত বিরতি মানসিকভাবে আমাকে চাঙা রাখে। যত বেশি সম্ভব শারীরিকভাবে ফিট এবং সেটি মানসিকভাবেও অনুভব করা যায়, উভয় একসঙ্গে ভালো ফল নিয়ে আসে। যা আপনাকে দলের জন্য প্রয়োজনীয় অবদান রাখতে সক্ষম করে তোলে। খেলোয়াড় হিসেবে আপনি এটাই করতে চাইবেন। আপনি একটি জায়গা দখল করে থাকতে চাইবেন না। পারফর্ম করতে চাইবেন, দলের জন্য অবদান অব্যাহত রাখবেন।’
এবারের আইপিএল শুরুর আগে জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটিতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। এর আগে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজেও দুই সেঞ্চুরিসহ ৩০২ রান করেছেন।
মাঝে বিরতি থাকলেও, কোহলি যেন সেই ফর্ম নিয়েই হাজির হলেন গতকাল। হায়দরাবাদের বিপক্ষে জয় নিশ্চিতের পথে তিনি হার্শাল প্যাটেলের ১৬তম ওভারে ৪ বলে এক ছক্কা ও তিনটি চারের বাউন্ডারি খেলেছেন। সবমিলিয়ে ৩৮ বলে ৫টি করে চার-ছক্কায় ৬৯ রান আসে কোহলির ব্যাটে। অথচ এর আগে সর্বশেষ ২০২৫ সালের জুনে তিনি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।র










































