বিশ্বকাপ বাছাইয়ে আগের ম্যাচ ভেনিজুয়েলার সঙ্গে ড্র করায় উরুগুয়ের বিপক্ষে জয়ের ধারায় ফেরার লক্ষ্য ঠিক করেছিল ব্রাজিল। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে গোল করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমনকি গোলের উদ্দেশে কোনো শটই নিতে পারেনি সেলেসাওরা। উলটো প্রথমার্ধের শেষ দিকে এসে গোল হজম করে পিছিয়ে পড়েছে।
উরুগুয়ের হয়ে গোল করেন দারউইন নুনিয়েজ।
উরুগুয়ের মাঠে অবশ্য বলের দখল ছিল নেইমারদের পায়েই। এ দিন গ্যাব্রিয়েল জেসুসকে সামনে রেখে তার ঠিক পেছনে খেলেছেন নেইমার-রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র ত্রয়ী। কিন্তু আক্রমণে তেমন প্রভাব ফেলতে পারেননি তারা।
বল দখলে পিছিয়ে থাকলেও প্রথম আক্রমণেই গোল পেয়ে যায় উরুগুয়ে। ৪২ মিনিটে দারউন নুনিয়েজ গোল করলে লিড পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাম প্রান্ত থেকে ম্যাক্সিমিলানো আরোহোর দারুন ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন লিভারপুলের এই ফরোয়ার্ড।
মধ্যবিরতিতে যাওয়ার আগে পায়ে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন নেইমার।
চোট এতটাই গুরুতর যে, মাঠ ছাড়ার সময় কান্না করতে দেখা যায় নেইমারকে। তার বদলি হিসেবে নেমেছেন রিচার্লিসন।









































