‘ভারত ব্রেক ফেল ট্রেনের মতো ছুটছে’

ওয়াসিম আকরাম। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে এবারই ভারতের বিশ্বকাপ জয়ের সবচেয়ে ভালো সুযোগ দেখছেন অনেকে। টুর্নামেন্টে এখন পর্যন্ত স্বাগতিকদের দাপটও চোখে পড়ার মতো। একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। বোলার-ব্যাটাররা আছেন দারুণ ফর্মে।

এর প্রমাণ পয়েন্ট টেবিলের দিকে তাকালেই বোঝা যাবে। টানা পাঁচ ম্যাচ জিতে টেবিলের শীর্ষে আছে ভারত। এখন পর্যন্ত বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল তারা। গতকাল টুর্নামেন্টের আরেক অপরাজিত দল নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত।

এই দুর্দান্ত ভারতকে ব্রেক ফেল করা ট্রেনের সঙ্গে তুলনা করেছেন ওয়াসিম আকরাম।

পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, ‘ভারত এখন ব্রেক ফেল করা ট্রেনের মতো ছুটছে। এভাবেই তারা এগিয়ে চলেছে। তাদের প্রয়োজনীয় সব অস্ত্র আছে, মেধা আছে, দক্ষতা আছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তারা জানে কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।’

নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়াকে পায়নি ভারত। বাধ্য হয়ে তাঁর জায়গায় সূর্যকুমার যাদবকে একাদশে নেওয়া হয়। তবে ভারত মূল পরিবর্তনটা এনেছে শার্দুল ঠাকুরের জায়গায় মোহাম্মদ শামিকে সুযোগ দিয়ে। এই পেসার ৫ উইকেট নিয়ে ম্যাচের গতিপথই বদলে দেন।

ওয়াসিম মনে করেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ভারত দারুণ সিদ্ধান্ত নিয়েছে, ‘তারা পরিস্থিতি বুঝে একটি পরিবর্তন নিয়ে আসে। স্কোয়াড এমন হওয়া উচিত, ভারত-নিউজিল্যান্ডের মতো। যাতে কেউ চোটে পড়লে বা ফর্মে না থাকলে প্রতিপক্ষ এবং কন্ডিশন বুঝে পরিবর্তন আনা যায়।’

LEAVE A REPLY