ববি দেওল (বামে), শাহরুখ খান ও আরিয়ান খান (ডানে)
বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের। তবে বাবার মতো ক্যামেরার সামনে নয়। বরং ক্যামেরার পেছনেই নিজের ক্যারিয়ার গড়তে চান শাহরুখপুত্র। ইতোমধ্যে নিজের প্রথম প্রকল্পের চিত্রনাট্যও সম্পন্ন করেছেন আরিয়ান।
ইতোমধ্যে শুটিং শুরু হয়েছে এই প্রকল্পের। একটি ওয়েব সিরিজের মাধ্যমেই বলিউডে নাম লেখাতে চলেছেন আরিয়ান। আর সেই ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ববি দেওল।
প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর ছেলে ববি দেওল নিশ্চিত করেছেন যে তিনি সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন।
করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো কফি উইথ করণের অষ্টম সিজনের দ্বিতীয় পর্বে ববি নিজেই এই খবর প্রকাশ করেছেন।

সম্প্রতি করণের শো’তে সানি দেওলের সাথে উপস্থিত ছিলেন ববি। সেখানেই তিনি জানান, শাহরুখের প্রোডাকশন হাউজ রেড চিলিজ প্রোডাকশনের সাথে তার সম্পর্ক রয়েছে। তিনি এর আগে প্রোডাকশন হাউজের সাথে ক্লাস অফ ৮৩ এবং ওয়েব সিরিজ লাভ হোস্টেল-এ কাজ করেছেন।
তবে আরিয়ানের পরিচালনায় কাজ করার বিষয়টি নিশ্চিত করলেও এতে ববির ভূমিকা এখনও গোপন রাখা হয়েছে। তবে ববির চুক্তিবদ্ধ হওয়ার খবরটি ভক্তদের মধ্যে অনেক উন্মাদনা তৈরি করেছে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী মোনা সিং ইতোমধ্যে আরিয়ানের প্রজেক্টে নাম লিখিয়েছেন। এরই মধ্যে তিনি শুটিংও শুরু করেছেন। বর্তমানে, তিনি শুটিংয়ের একটি শিডিউল শেষ করেছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এবার নাম এলো ববি দেওলের। অবশ্য বাকী কলাকুশলীদের নাম এখনো ঘোষণা করা হয়নি।
ববি দেওলকে সামনে দেখা যাবে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ফিল্ম অ্যানিমাল-এ। রণবীর কাপুর অভিনীত সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে আরও অভিনয় করছেন অনিল কাপুর এবং রাশ্মিকা মান্দান্না। আগামী ১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অপরদিকে আরিয়ান খানের ওয়েব সিরিজ নিয়ে ভক্তদের আগ্রহের সীমা নেই। এর আগে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে যে শাহরুখ খান ও রণবীর সিংকেও দেখা যাবে আরিয়ানের ওয়েব সিরিজে। তবে ক্যামিও চরিত্রে। ৬ এপিসোডে ভাগ করা থাকবে এই সিরিজ। শাহরুখ ও রণবীর দুজনকেই দেখা যাবে ছোট ছোট চরিত্রে দুই এলাদা এপিসোডে।
সূত্র : বলিউড হাঙ্গামা











































