পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : রয়টার্স
আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ ফোনালাপের দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার (২৮ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, দুই নেতার মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেহবাজ শরিফ জানান, তিনি ইরানি প্রেসিডেন্টকে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবহিত করেছেন এবং জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে ‘সংলাপ ও উত্তেজনা প্রশমন সহজতর করার’ উদ্যোগ নিচ্ছেন তারা।
পাকিস্তান এর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে।
শরিফ আরো বলেন, তিনি ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং ইরানের ‘সাহসী জনগণের প্রতি পাকিস্তানের সংহতি’ ব্যক্ত করেছেন।
ফোনালাপ শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইরানের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যেতে তিনি ব্যক্তিগতভাবে কাজ করে যাবেন।









































