নতুন বছরের ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সেনারা ন্যায়ের জন্য লড়ছেন। রাশিয়া তাদের ন্যায্য দাবি ছাড়বে না।
পুতিন আরো বলেছেন, ‘আমরা বারবার প্রমাণ করেছি, আমরা অত্যন্ত কঠিন কাজ করতে পারি, সমস্যার সমাধান করতে পারি, আমরা পিছিয়ে আসি না, কোনো শক্তি আমাদের বিচ্ছিন্ন করতে পারে না।’
রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘২০২৪ সাল আমাদের পরিবারের বছর হবে।
’
পুতিন জানিয়েছেন, ‘যারা লড়াইয়ের ময়দানে কাজে আছেন, তারা ন্যায় ও সত্যের জন্য লড়ছেন। আপনারা আমাদের হিরো। আমাদের হৃদয় সব সময় আপনাদের সঙ্গে আছে। আমরা আপনাদের জন্য গর্বিত।
আমরা সব সময় আপনাদের সাহসকে কুর্নিশ করি।’
টেলিভিশনে এই ভাষণ প্রচারিত হয়েছে তখন, যখন রাশিয়ার ১১টি টাইমজোনে ঠিক মধ্যরাত্রি হয়েছে। সোভিয়েত আমলে ব্রেজনেভ এই রীতি চালু করেছিলেন।
২০০ ইউক্রেনীয় সেনাকে শাস্তি
রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ জানিয়েছেন, ইউক্রেনের দুই শতাধিক সেনাকে রশিয়ার আদালত শাস্তি দিয়েছেন।
লাভরভ সংবাদ সংস্থা রিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, লড়াইয়ের সময় বাড়াবাড়ি করার জন্য ইউক্রেনের সেনাদের দীর্ঘ কারাবাসের নির্দেশ দিয়েছেন আদালত। ইউক্রেনের ৯০০-এর মতো সেনার বিরুদ্ধে চার হাজার ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে।
ইউক্রেন ও রাশিয়া—দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে, যুদ্ধের সময় তাদের সেনারা অত্যাচার করেছেন। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে এক লাখ ২১ হাজার অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে জাতিসংঘের মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, রাশিয়া যুদ্ধাপরাধসংক্রান্ত আন্তর্জাতিক আইন ভেঙেছে।
খারকিভে রুশ হামলা
শনিবার রাতে খারকিভে দুটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। এর ফলে ২৬ জন আহত হয়েছে। জার্মানির সরকারি সম্প্রচারকারী জেডভিএফের এক টিভিকর্মীও আহত হয়েছেন। তিনি যে হোটেলে ছিলেন, সেখানেই ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
খারকিভের সিটি সেন্টারে একটি বাড়িসহ অনেকগুলো কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শহরের মেয়র জানিয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু ও একজন ব্রিটিশ সাংবাদিকও আছেন।









































