৩ ঘণ্টার বেশি সময় যদি জ্যামে বসে থাকতে হয়, কাজ করবে কিভাবে? প্রশ্ন সিয়ামের

সিয়াম আহমেদ

রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করতে উড়ালসেতু, উড়ালসড়ক, মেট্রো রেল, বিআরটিসহ নানা প্রকল্প চালু করা হলেও যানজট কোনোভাবেই কমছে না। প্রতিদিনই যানজটে ভোগান্তিতে পড়তে হয় প্রত্যেককে। এই যানজট ও ভিআইপি মুভমেন্ট নিয়ে অন্য সবার মতো বিরক্তি প্রকাশ করলেন অভিনেতা সিয়াম আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে প্রকাশ করেছেন হতাশা, চেয়েছেন এ থেকে নিস্তার।

পোস্টে সিয়াম লিখেছেন, ‘নির্বাচনও শেষ হয়ে গেল। সরকারও প্রতিষ্ঠিত। আপনারা কি দেখতে পাচ্ছেন না, রাস্তার কী অবস্থা? পরিচিত মানুষেরা যখন দেশের অবস্থা নিয়ে নাক সিঁটকে বিদেশে সেকেন্ড হোম বানায়, তখনো গর্ব করে বলি, নিজের দেশ ছেড়ে কোথাও যাব না। ভালো লাগে বলতে, আপন লাগে।

রাজধানী ঢাকার কম-বেশি সকলেই ‘ভিআইপি মুভমেন্ট’-এর (সরকারপ্রধান কিংবা মন্ত্রীদের চলাচলের বিশেষ ব্যবস্থা) ভোগান্তির শিকার হন। এ বিষয়েও কথা বলেছেন সিয়াম। তার ভাষ্য, ‘‘একটা মানুষ যদি প্রতিদিন তিন ঘণ্টার বেশি সময় রাস্তায় জ্যামে বসে থাকে, তাহলে কাজ করবে কিভাবে? প্রতিদিন যেন আরেকটু বেড়েই যাচ্ছে। মড়ার ওপর খাঁড়ার ঘা হলো ‘ভিআইপি মুভমেন্ট’।

অ্যাম্বুল্যান্স যাওয়ার পথটুকুও আটকানো থাকে!”

শেষে সরকারের প্রতি আরজি জানিয়ে সিয়াম বলেছেন, ‘দয়া করে এখনো যারা দেশকে ভালোবেসে থেকে যেতে চায়, তাদের থাকার ব্যবস্থা করে দিন। রিজিকের জন্য সবাইকেই প্রতিদিন অনেক জায়গায় চলাচল করতে হয়। তাদের কথাটা দয়া করে মাথায় রাখুন। আমাদের সাহায্য করুন, যাতে আমরাও পরিবার ও দেশটাকে সাহায্য করতে পারি।’

যানজট ঢাকার প্রধানতম সমস্যা।

কিন্তু এভাবে স্পষ্ট ভাষ্যে তেমন কোনো তারকা বিষয়টি নিয়ে কথা বলেন না। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীও অবশ্য দীর্ঘদিন ধরে এ নিয়ে কথা বলে আসছিলেন।

LEAVE A REPLY