শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

ফাইনালে শ্রীলঙ্কার মেয়েদের সঙ্গে পারল না বাংলাদেশ।

একমাত্র অপরাজিত দল হিসেবে নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছিল বাংলাদেশের মেয়েরা। তবে টুর্নামেন্টের সবচেয়ে বড় হোঁচটটা যে ফাইনালের জন্য অপেক্ষা করছিল, কে জানত! আজ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে ফাইনালে ৩৬ রানের হারে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের।

ডাবল লিগ পদ্ধতির প্রথম পর্বে বাংলাদেশের কাছে দুই ম্যাচই হেরেছিল শ্রীলঙ্কা। সেই লঙ্কানদের কাছে ফাইনালে পাত্তা পায়নি বাংলাদেশ।

আগে ব্যাটিং করে ৩ উইকেটে ১৪৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। রান তাড়ায় নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করেও ৮ উইকেটে ১২২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

দুই শ্রীলঙ্কান ওপেনারই মূলত বড় সংগ্রহের ভিত গড়ে দেন। বিঙ্গ বিজেরত্নে ও পূর্ণ সেনারত্নের উদ্বোধনী জুটি যোগ করে ১০৪ রান।

যদিও এই রান তুলতে ১৪.২ ওভার খেলতে হয় তাঁদের। বিজেরত্নে ৪৯ রান করেন। আরেক ওপেনার সেনারত্নের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৬৬ রান। এ ছাড়া শ্রীলঙ্কার ইনিংসে আর বলার মতো স্কোর করেছেন ভিশ্মি গুনারত্নে।

তিনে নেমে ১৪ রান করেছেন তিনি।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রাবেয়া, নিশিতা আক্তার নিশি ও জান্নাতুল মাওয়া। রান তাড়ায় শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। একপর্যায়ে ২৩ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। আউট হন মোছা. ইভা, হাবিবা ইসলাম পিঙ্কি, সুমাইয়া আক্তার সুবর্ণা ও সুমাইয়া আক্তার।

এখান থেকে আর খেলায় ফিরতে পারেনি বাংলাদেশ।

নিয়মিত বিরতিতে ব্যাটারদের আসা-যাওয়ার কাজটা কঠিনই ছিল। সর্বোচ্চ ৩১ রান করেছেন রাবেয়া।

LEAVE A REPLY