‘বাংলাদেশসহ পৃথিবীর বেশিরভাগ দেশে ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা। প্রিয় দলগুলোর লড়াই দেখার রোমাঞ্চকর বিষয়টি নিয়ে সারা দেশের ফুটবল ভক্তদের মতো আমিও উন্মুখ হয়ে আছি।’
সম্প্রতি ফিফার অফিসিয়াল পেমেন্ট সার্ভিস পার্টনার ভিসার আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
এর আগে ফিফাকে ঘিরে একটি ক্যাম্পেইনের আয়োজন করেছিল ভিসা। ওই দিন ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী বরিশালের মঙ্গল চন্দ্র হালদার বিনামূল্যে কাতারে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার টিকিট পান।
অনুষ্ঠানে জামাল ভূঁইয়া আরও বলেন, স্টেডিয়ামে বসে কাতার বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সুযোগ করে দিতে ফ্যানদের জন্য ভিসার এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য আমি মঙ্গল চন্দ্র হালদারকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি প্রত্যাশা করি, তার কাতার ভ্রমণের অভিজ্ঞতা হবে চমকপ্রদ।
রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এমএ মান্নান, গেস্ট অব অনার হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জনপ্রিয় ফুটবলার জামাল ভূঁইয়া।










































