ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছেন সাকিব আল হাসান। ছবি : মীর ফরিদ
সাকিব আল হাসানের আইপিএলে যাওয়া নিয়ে নাটক কম হলো না। বরাবরই এমনটা হয়, তবে এবার যেন একটু বেশিই হয়েছে। প্রথমে তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে কিনা তা নিয়ে একপ্রস্থ নাটক হলো। এরপর জানা গেল, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করে তবেই আইপিএলের ছাড়পত্র পাবেন সাকিব এবং লিটন দাস। শেষমেষ সাকিব আইপিএলে গেলেন না! শোনা যায়, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আপসেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। যদিও আজকের সংবাদ সম্মেলন জানালেন অন্য কথা।
আজ শুক্রবার মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাকে প্রশ্ন করা হয়- আইপিএলে যেতে না পেরে মন খারাপ কি না? জবাবে চওড়া হাসিতে সাকিব বলেন, ‘না…। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর, ভারতে খেলা। যদি যেতে পারতাম, ভালো হতো। কিন্তু যেহেতু ফ্যামেলি ইমার্জেন্সি, তো ফ্যামেলি ইমার্জেন্সি…।’ ফের প্রশ্ন করা হয়, তাহলে কি সাকিব নিজেই আইপিএলে যেতে চাননি? জবাবে তিনি আবারও বলেন, ‘ফ্যামেলি ইমার্জেন্সিই।’
উল্লেখ্য, বিসিবি সভাপতি নাজমুল হাসান অনেক আগেই জানিয়েছিলেন, জাতীয় দলের খেলা থাকলে বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হবে না। এবার শুধু ঘরের মাঠের এই সিরিজই নয়, আগামী আসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে অনুষ্ঠেয় সিরিজের সময়ও আইপিএল থেকে ফিরতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। আজ শুক্রবার ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেও একই কথা বলেন বিসিবি সভাপতি। তার বক্তব্য হলো, দেশের খেলা থাকলে সাকিবদের ছাড়া হবে না- এটা জেনেই আইপিএলের দলগুলো তাদের সঙ্গে চুক্তি করেছে। এজন্য টাকাও কম পেয়েছেন সাকিবরা।










































