সংগৃহীত ছবি
সালমান খানের ‘দাবাং’ ছবিতে সোনু সুদ অভিনীত ছেদি সিং চরিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। প্রথম ছবিতে জনপ্রিয়তা পেলেও পরের কিস্তিতে দেখা যায়নি তাকে।
সোনু সুদ কেন ‘দাবাং ২’-এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন—তা নিয়ে ভক্তদের কৌতূহল ছিল অনেকদিন ধরেই। অবশেষে নিজেই সেই কারণ জানালেন অভিনেতা।
সোনুর কথায়, সালমান খান ও আরবাজ খান তাঁকে ‘দাবাং ২’-এ কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু স্ক্রিপ্ট শুনে তিনি সন্তুষ্ট হতে পারেননি।
তাঁর ভাষায়, “আমি চরিত্রটা ঠিকভাবে বুঝতে পারছিলাম না। তাই সরাসরি জানিয়ে দিয়েছিলাম, এই প্রজেক্ট থেকে সরে আসাই ভালো।
”
তবে মজার বিষয় হলো, প্রথম ‘দাবাং’ ছবিটিও শুরুতে ফিরিয়ে দিয়েছিলেন সোনু সুদ। পরে পরিচালক অভিনব কাশ্যপ-এর সঙ্গে আলোচনা করে ‘ছেদি সিং’ চরিত্রে কিছু পরিবর্তন আনা হয়—বিশেষ করে হাস্যরস যোগ করা হয়। তখনই তিনি রাজি হন, আর সেই চরিত্রই তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
সোনু জানান, তিনি কখনো শুধুমাত্র টাকার জন্য কাজ করেন না।
তাঁর কাছে গুরুত্বপূর্ণ হলো চরিত্রটি দর্শকদের বিনোদন দিতে পারছে কি না।
“যদি আমার চরিত্র মানুষের মুখে হাসি ফোটাতে পারে, সেটাই সবচেয়ে বড় বিষয়,”—বলেন তিনি।
উল্লেখ্য, দাবাং ২-এ সোনুর জায়গায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেন প্রকাশ রাজ।
তবে ছবিটি না করলেও সালমান খান-এর সঙ্গে তাঁর সম্পর্কের কোনো প্রভাব পড়েনি। এমনকি ছবির ট্রায়াল শোতেও তাঁকে নিজে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন সালমান।










































