বাবর আজমকে নেতৃত্ব ছাড়তে বললেন শোয়েব

পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজমকে নিয়ে দেশটির ক্রিকেটাঙ্গন এখন দুই ভাগে বিভক্ত। এক অংশের দাবি, বাবর আজমকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হোক। আরেক পক্ষ অবশ্য বাবরকে অধিনায়ক হিসেবে রাখার পক্ষে। এই লড়াইয়ে পাকিস্তানের খ্যাতিমান অলরাউন্ডার শোয়েব মালিককে পাশে পাচ্ছেন না বাবর। সাবেক এই অধিনায়কও মনে করেন বাবরের নেতৃত্ব ছাড়া উচিত।

ইতিমধ্যে পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই বাবর আজমকে তুলাধোনা করেছেন। এমনকি সাংবাদিকদের সামনে তার কথা বলার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে শোয়েব মালিক অবশ্য অন্য কারণে বাবরকে নেতৃত্ব ছাড়তে বলেছেন। তার ভাষায়, ‘আমি বাবরের জায়গায় থাকলে নেতৃত্ব ছেড়ে দিতাম। যারা বাবরকে পরামর্শ দেন, তাদেরও উচিত বাবরকে নেতৃত্বে ইস্তফা দিতে বলা। বাবরের শুধু নিজের খেলায় মনোযোগ দেওয়া উচিত। তাহলে পাকিস্তান দলও উপকৃত হবে।’

শোয়েবের মতে, পাকিস্তানের নেতিবাচক ক্রিকেট সংস্কৃতির মাঝে নিজের ক্যারিয়ার বাঁচাতে বাবরকে কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন, ‘আমার মতে, অধিনায়ক হিসেবে বাবরকে আরো পরিণত হতে হবে। তার জন্য যথেষ্ট সময় দরকার। কিন্তু আমরা এমন একটা ক্রিকেট সংস্কৃতিতে আছি, যেখানে রাতারাতি ফলাফল আশা করা হয়। তাই বাবরের পরামর্শদাতাদের উচিত, তাকে নেতৃত্ব ছাড়ার পরামর্শ দেওয়া। তাহলে বাবর অনেক রেকর্ড ভেঙে দিতে পারে। নেতৃত্ব ছাড়লে তাকে শুধু নিজের খেলা নিয়েই ভাবতে হবে।’

ক্রিকেটপ্রেমীরা অধিনায়ক এবং ব্যাটার বাবরকে এক করে দেখেন বলে ক্রিকেটার হিসেবে বাবরের সঠিক মূল্যায়ন হয় না বলে মনে করেন শোয়েব, ‘একটা বিষয় উল্লেখ করতে চাই। আমরা সাধারণত বাবরের ব্যাটিং পারফরম্যান্স এবং নেতৃত্ব মিশিয়ে ফেলি। আমাদের এটা করা ঠিক নয়। দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। দল হারলেই আমরা সাধারণত বাবরকে নিয়ে কাটাছেঁড়া শুরু করি। দলের ব্যর্থতার সঙ্গে টেনে আনা হয় ব্যাটার বাবরের পারফরম্যান্সকেও। বিষয়টা আমাদের এভাবে দেখা উচিত নয়। ক্রিকেট দলগত খেলা। একটা সময় ছিল, যখন একজনই ম্যাচ জেতাতে পারত। এখন সময় বদলে গেছে। এখন দলগত প্রচেষ্টা ছাড়া সাফল্য সহজ নয়।’

LEAVE A REPLY