প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের ইংলিশ তারকা হ্যারি কেইনের ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ। তিনি ইংল্যান্ড জাতীয় দল ও টটেনহ্যামের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু ক্যাবিনেটে কোনো ট্রফি না থাকায় বিশ্ব ফুটবলের সেরাদের আলোচনায় সেভাবে থাকেন না এই তারকা স্ট্রাইকার। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করলেন টটেনহ্যামের ভারপ্রাপ্ত কোচ রায়ান ম্যাসন।
তিনি বলেছেন, ‘এটা সম্ভবত স্বাভাবিক, আমার মনে হয় আমরা সব গ্রেট প্লেয়ারকে নিয়েই এমনটা বলে থাকি। হয়তো ১০ বছরের মধ্যে আমরা পেছনে ফিরে তাকাব এবং বলব হ্যারি আসলেই দুর্দান্ত এক খেলোয়াড় ছিল। যখন তাকে ফুটবল খেলতে দেখে উপভোগ করছিলাম তখন আরো বেশি উদযাপন করা উচিত ছিল।’
ম্যাসনের মতে, অবসর নিলে হয়তো সবাই বুঝতে পারবেন হ্যারি কেইন কতটা ভালো মানের ফুটবলার ছিলেন। তিনি বলেন, ‘হ্যারি ফুটবলার হিসেবে কতটা ভালো তা এই দেশ সম্ভবত উপলব্ধি করে না। সে অবিশ্বাস্য এক ফুটবলার। এই জায়গায় আমি সব সময় বেশ ধারাবাহিক ছিলাম। আমি তার সঙ্গে খেলেছি, দেখেছি এবং জানি সে কেমন খেলোয়াড়।’











































