অবৈধ ইটাভাটা বন্ধে তিন পার্বত্য জেলার ডিসিকে আইনি নোটিশ

সংগৃহীত ছবি

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার অবৈধ ইটভাটা ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে তিন জেলা প্রশাসককে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আজ বৃহস্পতিবার নোটিশটি পাঠানো হয়। রেজিস্ট্রি ডাকে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

নোটিশদাতা এ আইনজীবী কালের কণ্ঠকে বলেন, ‘নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ ইটভাটা বন্ধ না করলে জেলা প্রশাসকদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুসারে অসদাচরণের দায়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করা হবে।

নোটিশে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি জেলায় অননুমোদিত, অবৈধ ইটভাটা উচ্ছেদের নোটিশ চ্যালেঞ্জ করে কয়েকজন মালিক রিট করলে গত ১৬ ফেব্রুয়ারি সেসব রিট খারিজ করেন হাইকোর্ট। এই খারিজ আদেশের বিরুদ্ধে ভাটা মালিকরা পরে আপিল বিভাগে আবেদন করলে আপিল বিভাগ আবেদন দুটি নিষ্পত্তি করে রায় দেন।

রায়ে চেম্বার আদালতের স্থিতাবস্থাও তুলে দেন আপিল বিভাগ। তারপরও প্রশাসনের সামনে লাইসেন্স ছাড়া অননুমোদিত ইটভাটা চালু রেখেছেন।

ইটভাটা বন্ধে আদালতের নির্দেশনা থাকার পরও অননুমোদিত, অবৈধ ইটভাটা চালু রাখা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার পরিবেশের ক্ষতি হচ্ছে। তাছাড়া অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবেরও নির্দেশনা রয়েছে।

সে বিবেচনায় অবৈধ ইটভাটা ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করতে গত জুনে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকদের নোটিশ দেওয়া হয়।

এবার ৪৮ ঘণ্টা সময় দিয়ে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এবং বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনকে নোটিশ পাঠানো হলো। 

LEAVE A REPLY