পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী-ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমার থেকে দিনাজপুরগামী ‘শাহী পরিবহণের’ একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই অধিকাংশ যাত্রী নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে চিকিৎসা নিতে চলে যান।
দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই যাত্রীরা চলে যান।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন প্রধান রাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজন আহত যাত্রীকে উদ্ধার করা হয়। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।









































