ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে সেই দাপটীয় অস্ট্রেলিয়ার দেখা মিলেনি কখনো। বিশ্বকাপে একের পর এক আসরে হতাশ হয়েই বাড়ি ফিরেছে তারা। এবারের বিশ্বকাপে তাদের ফেভারিটের খাতায়ও লিখতে সংশয় বোধ করছেন অনেকেই। তারপরও এই অস্ট্রেলিয়াকে বিপজ্জনক মনে করছেন সাবেক অজি অধিনায়ক মার্ক টেলর।
সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে অ্যারন ফিঞ্চের দল। ১১৮ রানের লক্ষ্য পাড়ি দিতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। অবশ্য টি-টোয়েন্টি খেলাটাই এরকম। আগে থেকে আন্দাজ করা যায় না কিছু।

টেলর বলেন, ‘এটি পরিবর্তনশীল খেলা। আমরা জানি টি-টোয়েন্টি ক্রিকেটে খুব দ্রুতই পরিবর্তন হয়। আমাদের র্যাংকিংয়ে অবনমন হয়েছে, কিন্তু আমরা ততটা খারাপ নই। কোনো সন্দেহ নেই আমরা বিপজ্জনক দল।’
বিশ্বকাপের আগে থেকেই টপ অর্ডারে ভুগছে অজিরা। ব্যাপারটি নজর এড়ায়নি টেলরের। বিশ্বকাপে ভালো করতে হলে তাদেরকে জ্বলে উঠতে হবে। টেলর বলেন, ‘নিঃসন্দেহে এই মুহূর্তে আমাদের সমস্যার জায়গাটা টপ অর্ডারে। ওয়ার্নার রানের মধ্যে নেই। ফিঞ্চ ইনজুরি থেকে এসে ডাক মেরেছে এবং মিচেল মার্শ তিনে থাকবে কি না, আমরা এখনো নিশ্চিত নই। টুর্নামেন্টে ভালো করতে হলে অন্তত দুই জনের জ্বলে উঠতে হবে। যদি সেটা হয় তাহলে প্রথম ম্যাচের মতো লোয়ার অর্ডার সামলাতে স্মিথ, ম্যাক্সওয়েল, স্টয়নিসরা আছেনই।’











































