বোর্ড পরীক্ষা দিচ্ছেন না সূর্যবংশী, জানা গেল কারণ

বৈভব সূর্যবংশী

ভারতের ১৪ বছর বয়সী ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী এ বছর ১০ শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নিচ্ছেন না। ক্রিকেটে ব্যস্ত সূচির কারণে পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো নিতে না পারায় পরিবার ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিহারের তাজপুরের বাসিন্দা বৈভব পড়াশোনা করেন মডেস্টি স্কুল তাজপুরে। স্কুল সূত্রে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, তার পরীক্ষার ফর্ম পূরণ করা হয়েছিল এবং অ্যাডমিট কার্ডও ইস্যু হয়েছিল।

তবে টানা ট্রেনিং ক্যাম্প, প্রস্তুতি ম্যাচ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ায় তিনি দীর্ঘ সময় বাড়ি ও স্কুলের বাইরে ছিলেন, যা পরীক্ষার প্রস্তুতিতে প্রভাব ফেলেছে।

সম্প্রতি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন বৈভব। সাত ম্যাচে ৪৩৯ রান করে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন। গড় ছিল ৬২.৭১ এবং স্ট্রাইক রেট প্রায় ১৬৯।একটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতকের পাশাপাশি তার সর্বোচ্চ ইনিংস ১৭৫ রান। পুরো আসরে তিনি রেকর্ড ৩০টি ছক্কা হাঁকান, যা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক।

এ ছাড়া তিনি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবেও নিজের অবস্থান শক্ত করেছেন। ২৫ ইনিংসে ১,৪১২ রান করেছেন গড় ৫৬.৪৮-এ, রয়েছে চারটি সেঞ্চুরি ও সাতটি ফিফটি।

আগামী মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলবেন এই তরুণ তারকা। ফলে আপাতত পড়াশোনার চেয়ে ক্রিকেটকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে সুবিধাজনক সময়ে বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্রিকেটে দেশের নাম উজ্জ্বল করার পাশাপাশি শিক্ষাজীবনও এগিয়ে নিতে চান বৈভব, এমনটাই আশা তার শুভাকাঙ্ক্ষীদের।

LEAVE A REPLY