মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ। পাকিস্তানের করা ৩০০ রানের জবাবে প্রথম ইনিংসে ৮৭ রানে গুটিয়ে যায় মমিনুলবাহিনী। ফলোঅনে পড়ায় এখন আবার ব্যাট করছে বাংলাদেশ। এরই মধ্যে সাকিব আল হাসান করে ফেলেছেন অনন্য এক রেকর্ড।
টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৫৬তম ওভারের শেষ বল। ক্রিজ ছেড়ে বেরিয়ে ইনসাইড আউট শটে পাকিস্তানের অফ স্পিনার সাজিদ খানকে চার হাঁকান সাকিব। এই চারে টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে।
পাশাপাশি আরো একটি বিরল রেকর্ড নিজের করে নিলেন এই অলরাউন্ডার। টেস্টে ৪ হাজার রানের সঙ্গে ২০০ উইকেট শিকার করা দ্রুততম ক্রিকেটার তিনি। ১০ ম্যাচ কম খেলেই চূড়ায় উঠে যান তিনি। ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবল পূরণ করতে থাকে খেলতে হয়েছে ৫৯ টেস্ট। আগের রেকর্ড ছিল ইংল্যান্ডের সাবেক তারকা ইয়ান বোথামের দখলে। তার লেগেছিল ৬৯ টেস্ট। সবমিলিয়ে এই তালিকায় নাম লেখানো ষষ্ঠ ক্রিকেটার সাকিব।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৮৭ রান। সাকিব আল হাসান ৫৫ ও মেহেদি হাসান মিরাজ ৭ রানে ব্যাট করছেন। ইনিংস পরাজয় এড়াতে আরো ২৬ রান দরকার বাংলাদেশের।











































