সংগৃহীত ছবি
বহুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। রবিবার রাতে সামাজিক মাধ্যমে জানিয়ে দিলেন— তাঁরা সত্যিই বিয়ের পথে হাঁটছেন। আর ভক্তদের দেওয়া জনপ্রিয় নামেই নিজেদের জুটিকে ঘোষণা করলেন— ‘বিরোশ’।
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে সারবেন এই জুটি।
যদিও এতদিন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি কেউই, এবার নিজেরাই সেই জল্পনায় সিলমোহর দিলেন।
অনুরাগীদের উদ্দেশে আবেগঘন বার্তায় তাঁরা লেখেন, “আমরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা সবসময় আমাদের পাশে ছিলে। তোমরাই আমাদের নাম দিয়েছিলে ‘বিরোশ’।”
তাই নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটিও ভক্তদের উৎসর্গ করেছেন তাঁরা।এমনকি তাঁদের পরিণয়ের নামও দিয়েছেন — ‘বিরোশের বিয়ে’।
বার্তায় আরও লিখেছেন, “তোমরা আমাদেরই অংশ। অনেক ভালোবাসা ও আলিঙ্গন।”

তবে বিয়ের নির্দিষ্ট দিন, স্থান কিংবা আয়োজন সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই তারকা যুগল।
=গুঞ্জন রয়েছে, বিয়েতে ক্যামেরা নিষিদ্ধ থাকতে পারে।
অন্যদিকে, আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাঁদের প্রীতিভোজ অনুষ্ঠিত হবে বলেও শোনা যাচ্ছে। সামাজিক মাধ্যমে একটি আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছে, যদিও এর সত্যতা এখনও নিশ্চিত নয়।
উল্লেখ্য, ২০১৭ সালে গীত গোবিন্দম ছবির সেটেই প্রথম দেখা হয় বিজয় ও রাশমিকার। পরে ডিয়ার কমরেড-এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন জোরালো হতে থাকে।
=গত বছরের ৩ অক্টোবর তাঁদের বাগ্দান সম্পন্ন হয়েছে বলেও বিভিন্ন মহলে খবর ছড়িয়েছিল। এবার সেই সম্পর্কই পেতে চলেছে আনুষ্ঠানিক পরিণতি।









































