ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। কিউই বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ছেলেদের সমান ম্যাচ ফি নির্ধারণ করেছে দেশের নারী ক্রিকেটারদের জন্য।
নতুন এ চুক্তির অংশ আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোও। তাই শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, ঘরোয়া ক্রিকেটেও ছেলে ও মেয়েদের ম্যাচ ফি সমান হয়ে যাচ্ছে। পাঁচ বছরের এ ঐতিহাসিক চুক্তি কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। সব ক্রিকেট খেলুড়ে দেশ মিলিয়ে ইতিহাসে এই প্রথম পুরুষ ও নারী ক্রিকেটারদের যৌথভাবে রাখা হলো একই চুক্তিতে।
নতুন চুক্তিতে টেস্টে নিউজিল্যান্ডের দুই দলেরই ম্যাচ ফি হচ্ছে ১০ হাজার ২৫০ নিউজিল্যান্ড ডলার, ওয়ানডেতে চার হাজার ডলার ও টি-টোয়েন্টিতে আড়াই হাজার ডলার। ঘরোয়া ক্রিকেটেও তিন সংস্করণের জন্য অভিন্ন ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে। নতুন চুক্তির শীর্ষ ধাপে থাকা একজন নারী ক্রিকেটার এখন থেকে বছরে এক লাখ ৬৩ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন। আগে যা ছিল সর্বোচ্চ ৮৩ হাজার ডলার। শুধু ঘরোয়া ক্রিকেটে খেলা শীর্ষস্থানীয় নারী ক্রিকেটারদের আয় হবে সর্বোচ্চ ১৯ হাজার ১৪৬ ডলার, আগে যা ছিল মাত্র তিন হাজার ৪২৩ ডলার।
শুধু ম্যাচ ফি নয়, বাড়ছে ঘরোয়া ক্রিকেটে চুক্তিতে থাকা নারী ক্রিকেটারের সংখ্যাও (৫৪ থেকে ৭২)। মেয়েদের একটি নতুন সিরিজও চালু হচ্ছে। এতে বাড়বে তাদের ম্যাচ সংখ্যা ও আয়। শুধু পারিশ্রমিকই নয়, ভ্রমণ, আবাসন, অনুশীলনসহ অন্যান্য সুযোগ-সুবিধাতেও ছেলে ও মেয়ে ক্রিকেটাদের একই মান নিশ্চিত করা হয়েছে নতুন চুক্তিতে।
নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক সোফি ডিভাইন স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। তিনি বলেন, চুক্তিতে ছেলেদের সমান্তরালে থাকার স্বীকৃতি পাওয়া আমাদের আন্তর্জাতিক ও ঘরোয়া নারী ক্রিকেটারদের জন্য দারুণ ব্যাপার। সামনে এগোনোর পথে এটি বড় এক পদক্ষেপ।










































