শাহিন শাহ আফ্রিদি। ছবি : এএফপি
সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট খেলছেন না শাহিন শাহ আফ্রিদি। প্রথম দুই টেস্টের পর তাঁকে এই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও এর মধ্যে সিরিজ হেরে গেছে পাকিস্তান। তবু আফ্রিদির বিশ্রাম নিয়ে বেশ কড়া সমালোচনা হচ্ছে চারদিক থেকে।
আজ প্রথম দিনের খেলার ফাঁকে সম্প্রচারকারদের সঙ্গে কথা বলার সময় আফ্রিদি জানিয়েছেন, সিদ্ধান্তটা টিম ম্যানেজমেন্ট থেকে নেওয়া হয়েছে। এই পেসার বলেছেন, ‘আমি দুটি ম্যাচ খেলেছি এবং সত্যি বলতে অনেক ওভার বোলিং করেছি। তারা শুধু আমার কাজের চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে। মেডিক্যাল টিম এবং টিম ম্যানেজমেন্ট এ কারণেই আমাকে এই (টেস্ট) ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
’
যদিও পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম ফক্স ক্রিকেটে বলেছেন, ‘বিশ্রামের সিদ্ধান্তটা একাই শাহিন আফ্রিদির। এই টেস্ট সিরিজের পরপরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের কথা কে জানে? আমি একমত যে টি-টোয়েন্টিতে বিনোদন এবং অর্থ আছে, কিন্তু খেলোয়াড়দের বোঝা উচিত টেস্ট ক্রিকেটই চূড়ান্ত ক্রিকেট।’










































