ওয়ার্নারদের ১৬ লাখ রুপির ব্যাট-প্যাড চুরি করেছিলেন ট্রাকচালক!

আইপিএলের চলতি ষোড়শ আসরে চুরির ঘটনায় তোলপাড় দিল্লি ক্যাপিটালস শিবির। গত ১৫ এপ্রিল বেঙ্গালুরু থেকে দিল্লিতে যাওয়ার পথে দিল্লি ক্যাপিটালস দলের খেলোয়াড়দের ১৬টি ব্যাটের সঙ্গে প্যাড, থাই প্যাড, জুতাসহ অন্যান্য সরঞ্জাম খোয়া যায়! পরে ২১ এপ্রিল নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে একটি স্টোরি পোস্ট করে ওয়ার্নার জানান, চুরি যাওয়া সরঞ্জাম ফিরে পাওয়া গেছে। কিন্তু কে করল চুরি?

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই চুরির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- ট্রাকচালক এম চেলুভারাজু (৩০) ও তার সহকারী সুধাংশু কুমার (৩০)। তারা দাবি করেছেন, টাকার জন্য ওয়ার্নারদের ব্যাট চুরি করেননি। সেই ব্যাট প্যাডগুলো ব্যবহার করে তারা দুজন ক্রিকেট খেলতে চেয়েছিলেন! সেসব বিক্রি করার কোনো পরিকল্পনাও নাকি ছিল না তাদের। তাদের থেকে ১২টি ব্যাটের সঙ্গে উদ্ধার করেছে ১৮টি বল, চার জোড়া গ্লাভস, দুটি হেলমেট, তিন জোড়া প্যাড, দুই জোড়া থাই প্যাড, একটি অ্যাবডমিনাল গার্ড ও একটি ব্যাগ।

খেলোয়াড়দের সরঞ্জাম বহন করার জন্য দিল্লি ক্যাপিটালস একটি লাগেজ বহনকারী কম্পানিকে দায়িত্ব দিয়েছে। কিন্তু সেদিন বেঙ্গালুরুর হোটেল থেকে বিমানবন্দরে যাওয়ার আগেই ওয়ার্নারদের সরঞ্জাম গাড়ি থেকে উধাও হয়ে যায়! মাঝপথেই চেলুভারাজু ও তার সহকারী সুধাংশু একটা নির্দিষ্ট জায়গায় ট্রাক থামিয়ে বেশ কয়েকটি ব্যাগ খুলে জিনিসপত্র বের করে নেন বলে স্বীকার করেছেন। এই দুজন ক্রিকেট খেললেও ডেভিড ওয়ার্নারকে চেনেন না! তার ব্যাট-প্যাড যে চুরি করছেন সেটাও নাকি জানাতেন না!

খোয়া যাওয়া সরঞ্জামগুলো ছিল অধিনায়ক ওয়ার্নারসহ মিচেল মার্শ, ফিল সল্ট ও যশ ধুলের। যেগুলোর দাম ১৬ লাখ রুপি বলে জানিয়েছে পুলিশ। আপাতত সরঞ্জামগুলো পুলিশ হেফাজতে আছে, আদালতের মাধ্যমে ওয়ার্নারদের ফিরিয়ে দেওয়া হবে। তবে গত ২১ এপ্রিল ডেভিড ওয়ার্নার জানিয়েছিলেন, সবগুলো জিনিস উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের কাছে আটক হওয়া দুইজন বলেছেন, ‘আমরা নিয়মিত ক্রিকেট খেলি। প্রথমে তাই ব্যাট চুরির সিদ্ধান্ত নিই। তবে ব্যাগ খুলে দেখি, আমরা ব্যবহার করতে পারি এমন জিনিসপত্রও আছে।’

LEAVE A REPLY