এসব বলে পার পাবেন না আর্থার

ভারত-পাকিস্তানের ম্যাচের পর বিশ্বকাপ আয়োজকের দিকে আঙুল তুলে মিকি আর্থার মনে করেছিলেন, আইসিসির রোষানলে পড়তে হতে পারে তাকে। তবে নিজ ঘরেই সমালোচিত হতে হচ্ছে পাকিস্তান দলের টিম ডিরেক্টরকে। আর্থারকে একহাত নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও সাবেক ক্রিকেটার মঈন খান।

ভারতের বিপক্ষে কাল ১৯১ রানে গুটিয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান।

এরপর সংবাদ সম্মেলনে আর্থার বলেন, “সত্যি বলতে এটি দেখে ঠিক আইসিসি ইভেন্ট মনে হয়নি। মনে হয়েছে কোনো দ্বিপক্ষীয় সিরিজ, যেন এটি বিসিসিআইয়ের ইভেন্ট। ম্যাচ চলাকালীন স্পিকারে ‘দিল দিল পাকিস্তান’ খুব একটা কানে আসেনি।”

বাজেভাবে ম্যাচ হারের পর আর্থারের এমন মন্তব্য ভালোভাবে নেননি পাকিস্তানের সাবেকরা।

পাকিস্তানি টিভি চ্যানেলের একটি ‘টক শো’ অনুষ্ঠানে ওয়াসিম বলেছেন, ‘ভাই, আমাদের এটা বলুন যে আপনারা কী পরিকল্পনা করেছিলেন, কুলদীপ যাদবকে কিভাবে খেলতে হবে। এসব আমরা শুনতে চাই। আপনার এমন কথাবার্তা নয়। আপনি যদি মনে করেন, এসব বলে পার পেয়ে যাবেন, তাহলে দুঃখিত।

সেটি হচ্ছে না। আমরা জানতে চাই পরিকল্পনা কেমন ছিল, ওসব ব্যাপারে।’

একই অনুষ্ঠানে মঈন খান বলেন, ‘তিনি মনোযোগ ঘুরিয়ে দিচ্ছেন। এত লোকের মন খারাপ হয়েছে ম্যাচ হেরে, হতাশ সবাই। আর আপনি তাদের আবেগী করে তুলছেন অন্যদিকে নিয়ে গিয়ে।

পেশাগতভাবে যে কাজটা আপনার, সেটি নিয়েই আলোচনা করা উচিত।’

LEAVE A REPLY