সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ

নিলামে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

‘বাংলা হানড্রেড লিগ (বিএইচএল)’ ক্রিকেট টুর্নামেন্টের এই নিলামে নতুন মাত্রা যোগ করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস। তিনি টুর্নামেন্টটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই আয়োজনকে অস্ট্রেলিয়া প্রবাসী ক্রিকেটারদের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেন এবং এর সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এর আগে সিডনিতে বেশ কিছু ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হলেও বৈশ্বিক টি-টোয়েন্টি লিগগুলোর মতো নিলাম পদ্ধতি এই প্রথম দেখা গেল। টুর্নামেন্ট কমিটির ডিরেক্টর আতিকুর রহমান সজীব জানান, বর্তমান সময়ে ক্রিকেটপ্রেমীরা ছোট ফরম্যাটের খেলায় বেশি আগ্রহী। সেই বিষয়টি বিবেচনায় রেখেই হানড্রেড ফরম্যাটে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে ক্রিকেটার বাছাই করা হয়েছে নিলামের মাধ্যমে।

তিনি আরো জানান, আগামী ১৯ এপ্রিল থেকে ক্যাম্বেলটাউনে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠের খেলার পাশাপাশি দর্শকদের আকৃষ্ট করতে বিভিন্ন পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।

এই আয়োজনে সিডনির বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। প্রোপার্টি ওয়ানের কর্ণধার সিকদার আলী বলেন, অস্ট্রেলিয়ার ব্যস্ত জীবনের মাঝেও তরুণদের ক্রিকেটের প্রতি এমন আগ্রহ ও উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরো সম্পৃক্ত করবে।

পুরো নিলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুমায়ুন কবির রোজ। এ ছাড়া তাহসিন আহমেদ, আবিদা ও গালিব ইবনে রিয়াজের উপস্থাপনায় ৬টি ফ্র্যাঞ্চাইজি দল ও আসরের ক্রিকেটারের অংশগ্রহণে প্রাণবন্ত এক পরিবেশে নিলাম সম্পন্ন হয়।

নিলামে মোট ১৬১ জন ক্রিকেটার অংশ নেন, যাদের মধ্যে ৮০ জন বিভিন্ন দলে জায়গা করে নেন। এ ছাড়া ৬ জন আইকন ক্রিকেটার ছিলেন এবং ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমেও কয়েকজন ক্রিকেটারকে দলে নেওয়া হয়।

প্রতিটি দল সর্বোচ্চ ১৩ জন করে ক্রিকেটার দলে ভেড়ায়।

ক্রিকেটারদের বেস প্রাইস ছিল ৪ হাজার টাকা, যা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত উঠেছে।

সব কিছু ঠিক থাকলে আগামী ১৯ এপ্রিল থেকেই মাঠে গড়াবে বাংলা হানড্রেড লিগের রোমাঞ্চকর প্রথম আসর।

LEAVE A REPLY