নতুন চরিত্রে শরাফ আহমেদ জীবন
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে নতুন করে নিজেকে চিনিয়েছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। বোরহান ভাই চরিত্রটি পছন্দ করেছেন এই সময়ের তরুণরা। তারপর থেকে অভিনয় ও নির্মাণ সমান তালে করে যাচ্ছেন তিনি। এবার জানালেন নতুন চরিত্রের খবর।
চরিত্রের ছবিতে দেখা যাচ্ছে লম্বা চুলের পাঞ্জাবি গায়ে উদাস হয়ে আছেন জীবন। চেহারায় কবি কবি ভাব। তবে বিস্তারিত না বললেও জানা গেল, এটি তার অভিনীত নতুন ধারাবাহিক ‘পাগলা হাওয়া’র। শুধু অভিনয় নয়, সিরিজটিতে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে যুক্ত আছেন প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।
জানা গেছে, ডিজিটাল অপসংস্কৃতি একটা সময় শুধু শহরকেন্দ্রিক ছিল। কিন্তু সময়ের বিবর্তনে এখন সে তার গণ্ডি পেরিয়ে ছুঁয়েছে গ্রাম। আবহমান গ্রামবাংলার সমাজব্যবস্থায় সংস্কৃতি এবং অপসংস্কৃতির মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিয়ে দৈনন্দিন জীবনে ঘটে নানা রকম মজার ঘটনা। এই ঘটনাগুলো নিয়েই নির্মিত হচ্ছে ‘পাগলা হাওয়া’।
এটি রচনা করেছেন নাহিদ হাসনাত। পরিচালনাও তারই।
জীবন জানান, গামা ফ্লিক্স ইউটিউব চ্যানেল প্রযোজিত কমেডি ধারার এই সিরিজের সিরিজটিতে ভিন্ন এক লুকে দেখা যাবে এই নির্মাতা ও অভিনেতাকে। এই ধরনের চরিত্রে তাকে আগে কোন গল্পে দেখা যায়নি।
শরাফ আহমেদ জীবন ছাড়াও আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাদ্দাম মাল, তানজিম হাসান অনিক, নুসরাত জাহান স্পৃহা, আবুল ফজল মোহাম্মদ ঋতু, মনা শামীম, জাবেদ গাজীসহ আরো অনেকে।
নির্মাণ শেষে শিগগিরই গামা ফ্লিক্স ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। সিরিজটির প্রথম সিজনের শুটিং চলছে।











































