মিশরের গিজা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জনের বেশি।
দেশটির রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা ও কায়রো থেকে দক্ষিণমুখী দুটি ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ঢাল বেয়ে নিচে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উল্টে যাওয়া বগির ভেতরে আহত যাত্রীদের খুঁজছেন উদ্ধারকর্মী ও স্থানীয় লোকজন।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার কথাও বলেছেন তিনি। দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে অনেকে হাড় ভাঙা ও মাথায় আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন।
রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি উল্টে যায়।
দুর্ঘটনার পর গিজা থেকে মিশরের দক্ষিণাঞ্চলগামী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত বগি সরাতে ক্রেন পাঠানো হয়েছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা জানায়নি কর্তৃপক্ষ।
২০০২ সালে এই এলাকার কাছেই মিশরের ভয়াবহতম ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। কায়রো থেকে লুক্সরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে সরকারি হিসাবে ৩৭০ জনের বেশি নিহত হন। সর্বশেষ দুর্ঘটনার পর পরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে।
সূত্র: বিবিসি










































