বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা, মার্কিন বন্ড ইল্ডের ওঠানামা এবং জ্বালানি তেলের বাজারের অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনীতি অভূতপূর্ব স্থিতিস্থাপকতা প্রদর্শন করে চলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডে বাজার বিশেষজ্ঞ প্রশান্ত জৈনের প্রকাশিত নিবন্ধ অনুযায়ী, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতি নিয়ে কোনো ধরনের হতাশা হওয়ার অবকাশ নেই; বরং অভ্যন্তরীণ চাহিদার জোরালো ভিত এবং শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের ওপর ভর করে দেশ এক টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে চলেছে।
চলতি ২০২৫-২৬ এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরের তথ্যের দিকে তাকালে দেখা যায়, ভারতের জিডিপি (মোট দেশজ উৎপাদন) বার্ষিক প্রায় ৭.৫% থেকে ৭.৮% হারে বৃদ্ধি পাচ্ছে।
কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য বলছে, বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম যখন প্রতি ব্যারেলে গড়ে প্রায় ৯৭ ডলারে ঠেকেছে, তখনো ভারতের অর্থনীতি প্রথম প্রান্তিকে ৭.৮% প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে। যা বিশ্বের যেকোনো বড় অর্থনীতির দেশের তুলনায় অত্যন্ত ঈর্ষণীয়।
কিন্তু কী এই অবিশ্বাস্য স্থিতিশীলতার রহস্য? অর্থনীতিবিদদের মতে, ভারতের এই অর্থনৈতিক দৃঢ়তার পেছনে রয়েছে শক্তিশালী কিছু সামষ্টিক অর্থনৈতিক ভিত্তি।
ভারতে চলতি হিসাবের ঘাটতি যেমন নিয়ন্ত্রণে রয়েছে, তেমনই রাজস্ব ঘাটতিও রয়েছে যৌক্তিক সীমার মধ্যে। দেশটির ব্যাংকগুলোর ব্যালেন্স শিট এখন অন্য যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী এবং করপোরেট খাতের ঋণ বা লিভারেজ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ভারতের উৎপাদন খাত এখন সামগ্রিক জিডিপির চেয়েও দ্রুত গতিতে বাড়ছে।
বিশেষ করে বিশ্বের বড় বড় কম্পানিগুলোর ‘চায়না প্লাস ওয়ান’ কৌশলের কারণে ভারতের উৎপাদন খাতে বিনিয়োগের জোয়ার এসেছে।অন্যদিকে, আগস্ট পর্যন্ত তথ্য অনুযায়ী সেবা খাতের রপ্তানি বার্ষিক ভিত্তিতে প্রায় ১৫% বৃদ্ধি পেয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক বন্ড মার্কেটের ধাক্কা সামলাতে ভারতের বৈদেশিক মুদ্রা তহবিল এবং সময়োপযোগী বৈদেশিক অর্থায়ন এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করছে।
গত দুই বছরে ভারতের পুঁজিবাজার থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তহবিল প্রত্যাহারের কারণে বাজারে কিছুটা সাময়িক মন্দাভাব দেখা গিয়েছিল।
তবে বিশ্লেষকরা বলছেন, শেয়ার বাজারের সাময়িক ওঠানামা আর দেশের মূল অর্থনৈতিক বাস্তবতার মধ্যে বড় তফাত রয়েছে। শেয়ার বাজার সবসময় স্বল্পমেয়াদি অনুভূতির ওপর চলে, কিন্তু দীর্ঘমেয়াদে তা করপোরেট খাতের প্রকৃত উপার্জনের পথই অনুসরণ করে।
ন্যাশন্যাল স্টক এক্সচেঞ্জের তথ্যমতে, ভারতের অভ্যন্তরীণ আর্থিক সঞ্চয়ের পরিমাণ বার্ষিক প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। অর্থাৎ, বিদেশি বিনিয়োগ কমলেও এই বিশাল দেশীয় পুঁজি ভারতের অভ্যন্তরীণ বাজার ও বিনিয়োগের তারল্য ধরে রাখতে এক বিশাল কুশন বা সুরক্ষা কবচ হিসেবে কাজ করছে।










































