সংগৃহীত ছবি
হৃদরোগের ঝুঁকির প্রায় ৮০ শতাংশই সরাসরি আমাদের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের সঙ্গে জড়িত। একটু সচেতন হয়ে জীবনাচরণ পরিবর্তন করলেই এই ঝুঁকি কমানো সম্ভব।সুস্থ ও সবল হৃৎপিণ্ড পেতে জীবনধারায় কোন পরিবর্তনগুলো আনা জরুরি, তা তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
হৃদরোগ ও স্ট্রোক থেকে মুক্ত থাকতে চিকিৎসকরা জীবনযাপনে কিছু নির্দিষ্ট নিয়মের কথা বলে থাকেন। নিচে এমন সাতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা আলোচনা করা হলো, যা হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে :
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করুন
রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে ধমনিতে প্লাক বা চর্বি জমতে শুরু করে, যা ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। আপনার ডায়াবেটিস না থাকলেও রক্তে শর্করার মাত্রা কত আছে, তা জানা জরুরি।হৃদরোগ দানা বাঁধার আগেই তা রোধ করতে অন্তত প্রতি তিন বছরে একবার শর্করার মাত্রা পরীক্ষা করা উচিত।
রক্তের কোলেস্টেরল পর্যবেক্ষণ করুন
রক্তের ‘খারাপ কোলেস্টেরল’ বা এলডিএল অন্যান্য পদার্থের সঙ্গে মিশে ধমনিতে ব্লক তৈরি করে, যা হৃৎপিণ্ড ও মস্তিষ্কের রক্ত চলাচলে বাধা দেয়। শরীরের মোট কোলেস্টেরলের প্রায় ২৫ শতাংশ আসে খাবার থেকে। তাই সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
প্রতিদিনের যেসব অভ্যাসে নীরবে শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে
নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন
উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে তার রক্তচাপ বেশি রয়েছে (প্রায় ২১ শতাংশ মানুষ এ বিষয়ে জানেন না)। তাই নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা জরুরি। ওষুধ ছাড়াও খাবারে লবণের পরিমাণ (সোডিয়াম) কমানো এবং ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখা যায়।
ধূমপান ত্যাগ করুন
ধূমপান ছাড়ার পর থেকেই শরীর নিজ থেকেই সুস্থ হয়ে উঠতে শুরু করে।যদি এই বদভ্যাস ত্যাগ করা কঠিন মনে হয়, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও আচরণগত থেরাপির সহায়তা নিতে পারেন। এটি ধূমপান ছাড়ার সফলতার হার বহুগুণ বাড়িয়ে দেয়।
স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন
বডি মাস ইনডেক্স বা বিএমআই হলো উচ্চতা ও ওজনের একটি সঠিক অনুপাত, যা একজন মানুষের আদর্শ ওজন নির্ধারণে সাহায্য করে। হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো ঝুঁকি এড়াতে বিএমআই সব সময় ২৫-এর নিচে রাখা অত্যন্ত জরুরি।
শারীরিক কার্যক্রমে অভ্যস্ত হোন
যারা নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করেন, তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং তারা তুলনামূলক বেশি দিন বাঁচেন। ব্যায়ামকে কঠিন কিছু মনে না করে হাঁটা, সাইকেল চালানো কিংবা সাঁতার কাটার মতো নিজের পছন্দের কোনো কাজ বেছে নিতে পারেন। প্রতিদিন মাঝারি তীব্রতায় অন্তত ৩০ মিনিট এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়া হৃৎপিণ্ডের জন্য দারুণ উপকারী।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন
সুস্থ জীবনযাপনের জন্য খাবারে প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি, লাল চাল বা আটার মতো গোটা শস্য এবং কম চর্বিযুক্ত খাবার রাখা উচিত। পাশাপাশি অতিরিক্ত সোডিয়াম (লবণ) ও চিনিযুক্ত খাবার বা পানীয় এড়িয়ে চলা এবং খাদ্যতালিকায় নিয়মিত সামুদ্রিক বা ওমেগা-৩ সমৃদ্ধ মাছ রাখা হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে।









































