সংগৃহীত ছবি
বিয়ে মানেই জীবনের সবচেয়ে স্মরণীয় দিন—তেমনটাই হওয়ার কথা। কিন্তু বলিউড তারকা আমির খানের জন্য নিজের বিয়ের দিনটা হয়ে উঠেছিল একেবারে ভুলে যাওয়ার মতো। আর এর পেছনে দায়ী ছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ!
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। তিনি জানান, তার প্রথম ছবি ‘কেয়ামত সে কেয়ামত তাক’ মুক্তির আগেই প্রেমিকা রিনা দত্তকে আইনি মতে বিয়ে করেছিলেন।
রিনার পরিবার সে সম্পর্ক মেনে নেয়নি, তাই পালিয়ে গিয়ে বিয়ে করেন তারা। সেই বিয়ের দিনটিই নষ্ট হয়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচের জন্য।
আমির বলেন, “বিয়ের পরে যখন বাড়ি ফিরি, তখন মনে হয়েছিল, যেন কিছুই হয়নি। কেউ কিছু জানেও না।
ভেবেছিলাম সবাই প্রশ্ন করবে, ‘কোথায় ছিলে এতক্ষণ?’ কিন্তু কেউ কিছুই জিজ্ঞেস করল না। সবাই ব্যস্ত ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে।”
আর ম্যাচের সেই শেষ মুহূর্তটা ছিল আমিরের জন্য সবচেয়ে কষ্টের। তার ভাষায়, ‘আমরাই জিতছিলাম, কিন্তু শেষ বলে জাভেদ মিয়াঁদাদ ছয় মারলেন।
আর তাতেই সব শেষ! আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম।’
পরবর্তীতে এক ফ্লাইটে জাভেদ মিয়াঁদাদের সঙ্গে দেখা হয়েছিল আমির খানের। সেখানেই খানিকটা রসিকতার ভঙ্গিতেই নিজের দুঃখের কথা জানান তিনি। আমি বলেছিলাম, ‘জাভেদ ভাই, আপনি একদম ঠিক করেননি। আমার বিয়েটা আপনি বরবাদ করে দিয়েছেন।
’ জাভেদ ভাই তখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘কীভাবে?’ আমি বললাম, ‘ওই ছক্কার জন্যই আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম।’
উল্লেখ্য, রিনা দত্তর সঙ্গে আমির খানের সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। তবে বিয়ের দিনটিকে কেন্দ্র করে মজার এই ঘটনা এখনো মনে রেখেছেন আমির খান।








































