‘কফি উইথ করণ ৯’-এ আসছেন সময় রায়না

সংগৃহীত ছবি

করণ জোহরের জনপ্রিয় তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে অতিথি হয়ে আসছেন কমেডিয়ান সময় রায়না। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করে এ খবর নিশ্চিত করেছেন তিনি।

পোস্টটির সঙ্গে কোনো ক্যাপশন বা ব্যাখ্যা দেননি সময়। তবে কয়েক দিন আগেই এক সাক্ষাৎকারে তার অনুষ্ঠানে আসার কথা জানিয়েছিলেন সঞ্চালক ও নির্মাতা করণ জোহর।

এ পর্বে সময়ের সঙ্গে অতিথি হিসেবে থাকবেন কমেডিয়ান তন্ময় ভাট ও নির্মাতা ফারাহ খান। ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে করণ বলেন, ‘তন্ময়, সময় রায়না ও ফারাহ খানকে নিয়ে আমার একটি পর্ব হয়েছে।আমি জানি, দারুণ সময় কাটবে। কারণ, তারা আমাকে যতটা আক্রমণ করবেন, আমি হয়তো তাদের ততটা করতে পারব না।’

এর আগে ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে ফোনকলের মাধ্যমে হাজির হয়েছিলেন সময়। ওই পর্বে অতিথি বরুণ ধাওয়ানকে মজার একটি চ্যালেঞ্জ দেওয়া হয়।তাকে ফোন করে কাউকে দিয়ে ‘হাই করণ, ইটস মি’ বলাতে হবে। বরুণ ফোন করেন সময়কে। তবে কথোপকথনের একপর্যায়ে সময় মজা করে জানান, তিনি তখন তার প্রেমিকার সঙ্গে সময় কাটাচ্ছেন।

ফোনের অপর প্রান্তে কথোপকথন শুনছিলেন করণ জোহর। তিনি সময়কে মনে করিয়ে দেন, তিনি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে কথা বলছেন।এ সময় মজার ছলে সময়কে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আরো খোলামেলা কথা বলার আমন্ত্রণ জানান করণ।

এবারের নবম মৌসুমে এরই মধ্যে অতিথি হয়েছেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, সালমান খান, কারিনা কাপুর, সাইফ আলী খান, কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রা, বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। করণ জোহরের জনপ্রিয় এই তারকাদের আড্ডার অনুষ্ঠানটির নবম মৌসুমই শেষ মৌসুম।

LEAVE A REPLY