সন্তানের চিকিৎসায় অর্থের প্রয়োজন, নারীর পাশে দাঁড়ালেন কোয়েল

সংগৃহীত ছবি

সন্তানের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজনে এক রিয়ালিটি অনুষ্ঠানে খেলতে এসেছিলেন এক নারী। কিন্তু তিনি পরাজিত হন। এমতাবস্থায় মানবিক রূপে ধরা দিলেন কোয়েল মল্লিক।

কোয়েলের মানবিক উদ্যোগ ধরা পড়ল ছোট পর্দার রিয়ালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রচারে আসবে শোটি। প্রথম পর্বে উপস্থিত থাকবেন কোয়েল মল্লিক। এই অনুষ্ঠানে এসে নারীরা তাদের জীবনযুদ্ধের কথা ভাগ করে নেন।

ওই অনুষ্ঠানে এক নারী এসেছিলেন সন্তানের চিকিৎসার খরচ সংগ্রহ করতে।

ওই নারীর কন্যার মূত্রনালিতে সংক্রমণ। চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু রিয়ালিটি শোতে পরাজিত হলে ভেঙে পড়েন সেই নারী। তখন কোয়েল সেই মঞ্চেই জানান, ওই বাচ্চার অস্ত্রোপচারের দায়িত্ব তিনি নেবেন।

কোয়েল বলেন, ‘এই অনুষ্ঠান অনেক নারীর স্বপ্নপূরণের জায়গা এখন। কিন্তু সবাই তো লাখ টাকা নিয়ে যেতে পারে না, খেলায় হার-জিত আছে। যারা বিজয়ী হতে পারল না, তারা কিন্তু পুরোপুরি হেরে যায় না। এই শো কাউকে খালি হাতে ফেরায় না।’

চলতি বছরে মুক্তি পেয়েছে কোয়েলের ছবি ‘সোনার কেল্লায় যকের ধন’।

সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবিতে কোয়েলের সঙ্গে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী।

LEAVE A REPLY