শচীনের বলে ছক্কা হাঁকালেন প্রিন্সেস কেট

ছবি : অ্যারন চাউন

ভারতের মাটিতে পা রেখেই ক্রিকেটীয় উন্মাদনায় মেতে উঠলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট। মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে গলি ক্রিকেট খেলেছেন এই রাজদম্পতি।ম্যাচে শচীনের বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দিয়েছেন প্রিন্সেস অব ওয়েলস কেট।

বার্মিংহাম নাউয়ের প্রতিবেদন অনুযায়ী, মর্যাদাপূর্ণ পরিবেশবিষয়ক পুরস্কার ‘আর্থশট প্রাইজ’-এর আসরকে সামনে রেখে তিন দিনের ভারত সফরে এসেছেন এই দম্পতি। সফরের শুরুতেই ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে যুক্ত হন তাঁরা। মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেট বাণিজ্যিক এলাকার একটি বন্ধ রাস্তায় আয়োজিত এই গলি ক্রিকেটে শচীন টেন্ডুলকারের মুখোমুখি হন উইলিয়াম ও কেট।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নামেন প্রিন্স উইলিয়াম। শুরুতে একটি বড় শট খেলে কেটের করতালি কুড়ালেও কয়েক বল পরেই এক তরুণ খেলোয়াড়ের বলে বোল্ড হন তিনি। তবে বোলিংয়ে এসে চমক দেখান উইলিয়াম; তার একটি ফুলটস বলে শচীন টেন্ডুলকার ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন।

এরপর ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন প্রিন্সেস কেট।ভক্তদের কাছে ‘লিটল মাস্টার’ খ্যাত শচীনের একটি ডেলিভারি সজোরে মাঠের বাইরে পাঠিয়ে ছক্কা হাঁকান তিনি। কেটের এমন শটে হাততালি দিয়ে প্রশংসা করেন স্বয়ং শচীন। পরে স্বামী উইলিয়ামের বলেও একইভাবে ছক্কা মারেন কেট। তবে শেষ হাসি হেসেছেন উইলিয়ামই; তার বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন কেট।

LEAVE A REPLY