সংগৃহীত ছবি
ভারতের বিভিন্ন রাজ্যে এখন চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া। এই কাজ করতে গিয়েই এবার প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন নাকি ঝাঁসীর ভোটার! সেই তালিকায় রয়েছে তাঁর বাবার নামও। অথচ প্রতিবার মুম্বাইয়ের জুহু এলাকায় ভোট দিতে দেখা যায় অভিনেতাকে।
ঝাঁসির কাচিয়ানা এলাকার ভোটার লিস্ট দেখে চোখ যেন কপালে ওঠেছে বিএলও, বিএলএ’দের। দেখা গেছে, ২০০৩ সাল থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে বচ্চনদের নাম।
ঝাঁসির ইআরওয়ের তরফে প্রকাশ্যে আনা তালিকা অনুযায়ী, ওর্চা গেট সংলগ্ন এলাকার ৫৪ নম্বর বাড়ির বাসিন্দা অমিতাভ বচ্চন। তবে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে জানা গেল, ৫৪ নম্বরে কোনও বাড়ির অস্তিত্বই নেই।
বরং সেখানে দাঁড়িয়ে রয়েছে আস্ত এক মন্দির।
উল্লেখ্য, প্রতি বছর মুম্বাইয়ের জুহু কেন্দ্রে সপরিবারে ভোট দেন অমিতাভ বচ্চন। সেখানে ঝাঁসির কাচিয়ানা কেন্দ্রের ভোটার তালিকায় কীভাবে বিগ বি’র যোগ হল? সন্দিহান সেখানকার বিএলওরাও।
স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞেস করায়, তারাও জানান যে অমিতাভ বচ্চনকে এযাবৎকাল শুধু সিনেমার পর্দাতেই দেখেছেন তারা।
বাস্তবে ওই পাড়ায় কোনোদিন পা রাখেননি শাহেনশা।
স্থানীয়দের কথায়, অমিতাভ তো দূরঅস্ত, কাচিয়ানায় বলিউড তারকার কোনো আত্মীয়ের বাড়িও নেই। এহেন ‘অদ্ভুতুড়ে’ ভোটার তালিকা প্রকাশ্যে আসার পর ঝাঁসিজুড়ে হইচই পড়ে গেছে। সরকারি ত্রুটি নিয়ে ক্ষুব্ধ তারা।











































