গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা

সংগৃহীত ছবি

গৃহপরিচারিকাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘ধুরন্ধর’ অভিনেতা নাদিম খান। অভিযোগকারীর লিখিত অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের মালওয়ানি থানার পুলিশ অভিনেতাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।

অভিযোগকারীর দাবি, গত প্রায় ১০ বছর ধরে নাদিম খান তাঁকে নিয়মিত যৌন নির্যাতন করেছেন।

প্রতিবার সহবাসের আগে অভিনেতা তাঁকে বিয়ের আশ্বাস দিতেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ভয় দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগও রয়েছে নাদিমের বিরুদ্ধে।

থানায় দায়ের করা অভিযোগে ওই গৃহপরিচারিকা জানিয়েছেন, ভয় ও সামাজিক চাপে দীর্ঘদিন তিনি এই নির্যাতন সহ্য করতে বাধ্য হন। তবে বারবার প্রতিশ্রুতি দিয়েও অভিনেতা কথা রাখেননি।

অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তিনি আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পরই মামলা রুজু করে নাদিম খানকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, এর আগে তাঁর বিরুদ্ধে একই ধরনের কোনো অভিযোগ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, নাদিম খান সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে ‘রহমান ডাকাত’ চরিত্রে অভিনয় করা অক্ষয় খান্নার রাঁধুনির ভূমিকায় নজর কাড়েন।

এ ছাড়া তিনি ‘মিমি’ (২০২১), ‘বধ’ (২০২২) এবং ‘ম্যায় লড়েগা’ (২০২৪) সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। বড় পর্দার পাশাপাশি থিয়েটারেও তিনি পরিচিত মুখ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

LEAVE A REPLY