সংগৃহীত ছবি
সানি দেওলের প্রত্যাবর্তনে বক্স অফিসে যেন আবারও সুদিন ফিরে এলো। ১৯৯৭ সালের আইকনিক ছবি ‘বর্ডার’-এর বহু প্রতীক্ষিত সিক্যুয়াল ‘বর্ডার-২’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রেক্ষাগৃহে ঝড় তৈরি করেছে। মুক্তির মাত্র তিন দিনেই ১১৫ কোটি রুপির বেশি আয় করে নতুন নজির গড়েছে ছবিটি।
শুক্রবার মুক্তির দিনেই দুরন্ত সূচনা করে সানি দেওলের এই দেশপ্রেমমূলক ছবি।
প্রথম দিনেই ছবির আয় ৩৫ কোটির ঘর ছুঁয়ে যায়। শনিবার সেই আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, আর রবিবার ছুটির দিনে দর্শকের ঢল আরো বাড়ায় বক্স অফিসের ঝুলিতে।
প্রাথমিক ট্রেড রিপোর্ট অনুযায়ী—
প্রথম দিন (শুক্রবার): প্রায় ৩৫ কোটি রুপি
দ্বিতীয় দিন (শনিবার): প্রায় ৪০ কোটি রুপি
তৃতীয় দিন (রবিবার): প্রায় ৪০–৪২ কোটি রুপি
মোট আয় (৩ দিনে): ১১৫ কোটিরও বেশি
সানি দেওলের ম্যাজিক অটুট
‘গদর ২’-এর পর ফের একবার প্রমাণ করলেন, ম্যাস এন্টারটেইনারে সানি দেওলের গ্রহণযোগ্যতা আজও অটুট। তার সিগনেচার সংলাপ, দাপুটে অ্যাকশন ও আবেগঘন দৃশ্য দর্শকদের প্রেক্ষাগৃহে সিটি বাজাতে বাধ্য করছে।
পাশাপাশি বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্ঝের উপস্থিতি ছবির আকর্ষণ আরও বাড়িয়েছে।
সামনে ফাঁকা মাঠ, আয় আরও বাড়ার সম্ভাবনা
চলতি সপ্তাহে বড় কোনো ছবির মুক্তি না থাকায় ‘বর্ডার ২’-এর সামনে কার্যত ফাঁকা মাঠ। ট্রেড অ্যানালিস্টদের মতে, সোমবার প্রজাতন্ত্র দিবসের ছুটিতে ছবির আয় রবিবারকেও ছাপিয়ে যেতে পারে। অনেকের ধারণা, এই ছবির দাপটে আমির খান বা শাহরুখ খানের একাধিক বক্স অফিস রেকর্ডও চাপে পড়তে পারে।
ইতিমধ্যেই ২০২৬ সালের প্রথম ব্লকবাস্টার হিসেবে নিজের জায়গা পাকা করে ফেলেছে ‘বর্ডার ২’।
উল্লেখ্য, ১৯৭১ সালের ভারত–পাক যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে ভারতীয় স্থলসেনা, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযানের কাহিনি তুলে ধরা হয়েছে—যা দেশপ্রেমী দর্শকদের সঙ্গে গভীরভাবে সংযোগ তৈরি করতে পেরেছে।








































