লেবানন-সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে চালানো ইসরাইলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, নিহতদের একজন সিরীয় নাগরিক খালেদ মোহাম্মদ আল-আহমাদ।
এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী এ হামলার কথা স্বীকার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা দাবি করেছে, লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)-এর সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা।
ইসরাইলি বাহিনী আরও জানায়, লেবাননের মাজদাল আনজার এলাকায় এ হামলা চালানো হয়।
এ বিষয়ে পিআইজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পিআইজে হলো দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী, যারা গাজায় হামাসের সঙ্গে মিলে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মিত্র। ২০২৩ সালে গাজায় ইসরাইলি যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের সমর্থনে হিজবুল্লাহ উত্তর ইসরাইলে হামলা শুরু করে।
২০২৪ সালের নভেম্বরে ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হলেও, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই সমঝোতা সত্ত্বেও ইসরাইলি বাহিনী লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শত্রুতা বন্ধে সম্মত হওয়ার পর এক বছরে ইসরাইলি বাহিনী ১০ হাজারের বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর গত নভেম্বরে জানিয়েছে, যুদ্ধবিরতির পর ইসরাইলি হামলায় অন্তত ১০৮ জন বেসামরিক নিহত হওয়ার তথ্য তারা যাচাই করেছে। নিহতদের মধ্যে অন্তত ২১ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা











































