রয়টার্স ছবি
দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় ও সক্ষম রাষ্ট্রীয় সাইবার হুমকি হিসেবে চীনকে চিহ্নিত করেছে দেশটির সাইবার নিরাপত্তা সংস্থা। স্বাস্থ্য, শিক্ষা ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানে বিদেশি রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার তৎপরতার অভিযোগও উঠেছে।
বৃহস্পতিবার প্রকাশিত দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) বার্ষিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি রাষ্ট্রীয় পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা কিছু তৎপরতা শনাক্ত করা হয়েছে, যা নিউজিল্যান্ডের স্পর্শকাতর তথ্যকে ঝুঁকির মুখে ফেলেছে।
চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার কর্মকাণ্ডের সঙ্গে সন্দেহভাজন তৎপরতার যোগসূত্র পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বলা হয়েছে, এসব দেশের মধ্যে নিউজিল্যান্ডে সাইবার কর্মকাণ্ড পরিচালনাকারী সবচেয়ে সক্রিয় ও সক্ষম রাষ্ট্রীয় পক্ষ হলো চীন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিউজিল্যান্ডের এ মূল্যায়ন পশ্চিমা দেশগুলোর আরেকটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও চীনের কথিত সাইবার গুপ্তচরবৃত্তি নিয়ে সতর্কবার্তা হিসেবে এসেছে।তবে বেইজিং বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।
তবে এদিন প্রকাশিত প্রতিবেদনটির বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ‘মিথ্যা ছড়ানো ও বিরোধ উসকে দেওয়া’ বন্ধ করতে হবে।
একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, চীন সবসময় হ্যাকিং হামলার বিরোধিতা করে এবং আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
এনসিএসসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এক বছরে জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত ৩৬৯টি সাইবার ঘটনা ঘটেছে।এর মধ্যে ৮৬টির সঙ্গে রাষ্ট্রীয় মদদপুষ্ট পক্ষের সম্ভাব্য যোগসূত্র পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে সরকারি সংস্থা, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে লক্ষ্য করার ঘটনা রয়েছে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও ভূরাজনৈতিক প্রতিযোগিতা ক্রমেই সাইবার ক্ষেত্রে বিস্তৃত হচ্ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। এ অঞ্চলের বিভিন্ন সরকার ও অবকাঠামোকে লক্ষ্য করে রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার গুপ্তচরবৃত্তির তৎপরতা সম্পর্কে তারা অবগত রয়েছে।
নিউজিল্যান্ডের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ পারিবারিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।ফলে এ ধরনের সাইবার তৎপরতা দেশটির নাগরিক, ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে পারে বলে জানিয়েছে এনসিএসসি।
সংস্থাটির মতে, রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হামলাকারীরা সাধারণত অবকাঠামো বা নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান, জরুরি জনসেবা প্রদানকারী সংস্থা কিংবা কৌশলগত সুবিধা দিতে পারে এমন তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করতে পারে।
সাইবার গুপ্তচরবৃত্তি শনাক্ত করা কঠিন বলেও সতর্ক করেছে এনসিএসসি। হামলাকারীরা তথ্য সংগ্রহ বা বিঘ্ন ঘটানোর আগে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর কোনো প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশাধিকার তৈরি ও তথ্য সংগ্রহের প্রস্তুতি নিতে পারে। দীর্ঘস্থায়ী এ ধরনের অনুপ্রবেশের ফলে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং ব্যক্তিগত ও করপোরেট তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি হতে পারে।










































