আ ন ম আয়াস, আল নূর মোহাম্মদ আয়াস কিংবা আহমেদ মোহাম্মদ আলী উজ্জ্বল—বিভিন্ন নামে পরিচিত রাষ্ট্র সংলাপ ফোরামের আলোচিত সদস্য আয়াস। তবে বিভিন্ন নথিতে তার প্রকৃত নাম পাওয়া গেছে মোহাম্মদ আল উজ্জ্বল আহমেদ।প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্যও উঠে এসেছে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর জামিনে মুক্তি পান তিনি।
কালের কণ্ঠের হাতে আসা নথি অনুযায়ী, ২০২৩ সালের ১৮ জুলাই দায়ের করা প্রতারণার মামলায় ২০২৪ সালের এপ্রিলে উজ্জ্বলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলার নথিতে তার আয়াস পরিচয়েরও উল্লেখ রয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মামলাটি বর্তমানে বিচারাধীন। এটি একটি সিআর মামলা। প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। অভিযোগটি আর্থিক লেনদেনসংক্রান্ত হতে পারে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট নথিতে তার ঠিকানা হিসেবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বগিরপাড়া গ্রামের উল্লেখ রয়েছে। মায়ের নাম খুরশিদা খাতুন। কারাগারের নথিতেও তার নাম মোহাম্মদ আল উজ্জ্বল আহমেদ। জন্মনিবন্ধনের অনুলিপি অনুযায়ী, তার নাম অন নূর মোহাম্মদ আয়াম। তার জন্ম ২০০৫ সালের ১৮ নভেম্বর।
নাম-পরিচয়ের পাশাপাশি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগেও আলোচনায় রয়েছেন আয়াস। তার ফেসবুক প্রোফাইলে নারীদের গায়ে হাত তোলা, মারামারি এবং বিশিষ্ট ব্যক্তিদের বাড়ির গেটে মূত্রত্যাগের মতো ঘটনার উল্লেখ রয়েছে।
সম্প্রতি শিল্পকলা একাডেমির দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দেওয়ার চেষ্টার অভিযোগে সহযোগীদেরসহ আটক হন তিনি। পরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।
বিভিন্ন নথিতে নামের ভিন্নতা, প্রতারণার মামলা ও সাম্প্রতিক বিতর্কিত ঘটনাগুলো ঘিরে প্রশ্ন উঠেছে আয়াসের পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে।









































