সেই পোশাক বিতর্ক নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন কৃতি

সংগৃহীত ছবি

রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ঐতিহ্যবাহী এই উৎসবের বিজ্ঞাপনে তার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একাংশ।বিতর্ক এতটাই ছড়িয়েছিল যে শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়। এবার সেই পুরনো ঘটনা নিয়ে মুখ খুলেছেন কৃতি।

সম্প্রতি কারিনা কাপুর খানের সঙ্গে কথোপকথনে রাখিবন্ধনের সেই বিজ্ঞাপনের প্রসঙ্গ ওঠে। পোশাকের একটি অংশ কিভাবে এত বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল, তা এখনো বিশ্বাস করতে পারেন না কৃতি।অভিনেত্রীর কথায়, ‘আমি বিশ্বাস করতে পারি না, আমার পরনের চোলি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনাসভা বসেছিল।’ কৃতির বক্তব্যে সম্মতি জানান কারিনাও।

বিতর্কের সূত্রপাত হয়েছিল একটি গহনা সংস্থার রাখিবন্ধনের বিজ্ঞাপনকে ঘিরে। এতে কৃতিকে তার ভাইকে রাখি পরাতে দেখা যায়।পাশাপাশি নিজের পোষ্য কুকুরকেও রাখি পরিয়েছিলেন অভিনেত্রী। এ নিয়েও আপত্তি জানিয়েছিলেন নিন্দুকদের কেউ কেউ।

বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে কৃতির পোশাক নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তাদের দাবি ছিল, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে কৃতির পোশাক যথাযথ নয়।

তবে সমালোচনার জবাব দিতে পিছপা হননি কৃতি।সমাজমাধ্যমে তিনি প্রশ্ন তুলেছিলেন, এখনও কেন একজন নারীর কী পোশাক পরা উচিত, তা নিয়ে এত আলোচনা হয়। তার বক্তব্য ছিল, সময়ের সঙ্গে ভারতীয় পোশাকের ধরন ও উপস্থাপনায় পরিবর্তন এসেছে। তাই কারও পোশাক দেখে তার সংস্কৃতি বিচার করা উচিত নয়।

কৃতি আরো জানিয়েছিলেন, সংস্কৃতি ও ঐতিহ্য শুধু পোশাকে প্রকাশ পায় না, বরং তা মানুষের চিন্তা ও মানসিকতার মধ্যেও থাকে।

এরপরও নারীর পোশাক, সমাজের দৃষ্টিভঙ্গি ও পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে একাধিক পোস্ট করেছিলেন কৃতি। যদিও সেসব পোস্টে সরাসরি রাখিবন্ধনের ওই বিজ্ঞাপনের প্রসঙ্গ উল্লেখ করেননি অভিনেত্রী।

LEAVE A REPLY