চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। চিকিৎসার জন্য এবার তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। 

শুক্রবার (৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।”

তার এই পোস্টের পর থেকেই চলচ্চিত্রাঙ্গন ও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে শুভকামনা জানিয়েছেন।

সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ।

তিনি সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রয়াত খ্যাতনামা পরিচালক চাষী নজরুল ইসলাম।

১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

এই সিনেমায় ‘সোহেল রানা’ নাম ধারণ করে অভিনয় করেন, যা পরবর্তীতে তার স্থায়ী পরিচয়ে রূপ নেয়।

LEAVE A REPLY